‘অক্টোবরের মাঝামাঝি কক্সবাজার বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু করা সম্ভব’

লেখক: চেক ইন ডেস্ক
প্রকাশ: ৬ মাস আগে

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জানিয়েছেন, আগামী অক্টোবরের মধ্যভাগ থেকেই কক্সবাজার বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করা সম্ভব হবে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে কক্সবাজার বিমানবন্দরের আন্তর্জাতিক টার্মিনাল ভবন নির্মাণ ও রানওয়ে সম্প্রসারণ কাজের অগ্রগতি পরিদর্শনের সময় তিনি এ মন্তব্য করেন।

উপদেষ্টা বিমানবন্দরের জমিতে অবৈধভাবে বসবাসকারীদের পাশাপাশি স্থানীয় সচেতন জনগণকেও চলমান উন্নয়ন কার্যক্রমে সহযোগিতা করার আহ্বান জানান।

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে তিনি কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান।

বেলা সাড়ে ১১টা পর্যন্ত তিনি বিমানবন্দরের কর্মকর্তা, প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা ও নিরাপত্তা দায়িত্বে থাকা ব্যক্তিদের সঙ্গে আলোচনা করেন। এরপর উপদেষ্টা নির্মাণাধীন আন্তর্জাতিক যাত্রী টার্মিনালের কাজের অগ্রগতি ঘুরে দেখেন।

এ সময় তিনি ভবনের অ্যারাইভাল হল, চেক-ইন কাউন্টার, প্রস্তাবিত ইমিগ্রেশন এলাকা, মেজানাইন ও এলিভেশনসহ নির্মাণাধীন বিভিন্ন স্থান পরিদর্শন করেন। পরে তিনি বিমানবন্দরের সম্প্রসারিত রানওয়েতে যান।

টার্মিনাল ভবন পরিদর্শনের পর দুপুর পৌনে ১টার দিকে উপদেষ্টা ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

এসময় বেবিচক চেয়ারম্যান বলেন, ‘সম্প্রসারিত রানওয়ে ভবিষ্যতে এখানে বড় বড় বিমান অবতরণ করবে। ফলে ভবিষ্যতে বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হবে।’

 

 

 

 

 

 

 

  • কক্সবাজার বিমানবন্দর
  • ফ্লাইট চালু