বিমানবন্দরে দায়িত্বে অবহেলা করলে ছাড় নয়: বিমানমন্ত্রী

লেখক: রাইসুল ইসলাম
প্রকাশ: ১৩ ঘন্টা আগে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দায়িত্ব পালনে কোনো ধরনের অবহেলা বা শিথিলতা সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত। দায়িত্বে অবহেলা প্রমাণিত হলে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে বলেও জানান তিনি।

সোমবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ‘এয়ারপোর্ট ফায়ার ইমার্জেন্সি এক্সারসাইজ ২০২৬’ শীর্ষক মহড়া পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী।

তিনি বলেন, যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রস্তুতি ও দক্ষতার ওপর যাত্রীদের জীবন ও নিরাপত্তা নির্ভর করে। তাই দায়িত্ব পালনে কোনো ধরনের শিথিলতা মেনে নেওয়া হবে না।

বিমানবন্দরের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে জানিয়ে মন্ত্রী বলেন, দীর্ঘদিনের বিভিন্ন সমস্যার উন্নয়নে কার্যক্রম চলছে। পরিস্থিতির উন্নয়নে সরকার বদ্ধপরিকর এবং এসব সমস্যা নিরসনে সরকারকে সময় দিতে হবে।

দায়িত্ব পালনে গাফিলতির কারণ হিসেবে দীর্ঘদিনের অনিয়মের কথা তুলে ধরে তিনি বলেন, দীর্ঘদিন ধরে এ ধরনের প্রবণতা চলে আসায় সংশ্লিষ্টদের মধ্যে এক ধরনের শিথিলতা তৈরি হয়েছিল। পাশাপাশি দলীয়করণের মাধ্যমে নিয়োগের অভিযোগও রয়েছে, যার কারণে অনেকে যথাযথভাবে দায়িত্ব পালন করতে পারছেন না।

বিমানবন্দরে লাগেজ কাটার অভিযোগের বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, বর্তমানে এ ধরনের ঘটনা ঘটছে বলে মনে হচ্ছে না। অতীতে এক-দুটি ঘটনা ঘটে থাকলে সেগুলোও যথাযথভাবে মোকাবিলা করা হবে।

বিমানবন্দর দিয়ে স্বর্ণপাচার এবং এ ঘটনায় বিমানের কর্মচারীদের আটক হওয়ার বিষয়ে মন্ত্রী বলেন, আগে বিমানবন্দর দিয়ে স্বর্ণপাচারকারীরা সহজেই স্বর্ণ নিয়ে বের হয়ে যেতে পারতেন। এখন নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। ফলে স্বর্ণপাচারকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হচ্ছে।

তিনি বলেন, বিমানবন্দরের নিরাপত্তাব্যবস্থা কঠোর করার কারণে এখন স্বর্ণপাচারকারীদের ধরা পড়ার কোনো সুযোগ নেই—এটি ইতিবাচক দিক।

  • বিমানবন্দর
  • শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর
  • সর্বশেষ