মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বাতিল অব্যাহত রয়েছে। সর্বশেষ সোমবার (২৩ মার্চ) একদিনে সাতটি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যে অস্থিরতা শুরু হওয়ার পর এ পর্যন্ত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সর্বমোট ১৭৪টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল সোমবার(২৩ মার্চ) বাতিল হওয়া সাতটি ফ্লাইটের মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে চট্টগ্রামে আসার অ্যারাইভাল ৩টি ফ্লাইট। ইউএস-বাংলা এয়ারলাইন্সের মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার ডিপার্চার ২টি ফ্লাইট। এয়ার আরাবিয়ার মধ্যপ্রাচ্য থেকে অ্যারাইভাল ১টি এবং ডিপার্চার ১টিসহ মোট ২টি ফ্লাইট।
ফ্লাইট বাতিলের মধ্যেও সোমবার সীমিত পরিসরে কিছু কার্যক্রম সচল ছিল। বিভিন্ন এয়ারলাইন্সের মধ্যপ্রাচ্য থেকে আগত ৬টি ফ্লাইট চট্টগ্রামে অবতরণ করেছে এবং ৫টি ফ্লাইট গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে গেছে। তবে শারজাহ, দুবাই ও আবুধাবি রুটে সালাম এয়ার, এয়ার অ্যারাবিয়া এবং ইউএস-বাংলার ফ্লাইটের অচলাবস্থা এখনো অপরিবর্তিত রয়েছে।
