প্রায় দুই যুগ অবহেলায় পড়ে থাকা বগুড়া বিমানবন্দরকে বাণিজ্যিক ব্যবহারে ফিরিয়ে আনতে সরকারের উচ্চপর্যায়ে চলছে দ্রুত তৎপরতা। দীর্ঘদিন ধরে ফাইলবন্দি থাকা প্রকল্পটি এখন সরকারের অগ্রাধিকার তালিকার শীর্ষে। অতি দ্রুত বগুড়ায় যাত্রীবাহী ফ্লাইট চালু করাই এখন মূল লক্ষ্য।
চলতি বছরের ১২ জানুয়ারি বিমানবাহিনী প্রধান ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ-বেবিচকের চেয়ারম্যান সরেজমিনে পরিদর্শনে এসে বিমানবন্দরটি দ্রুত চালুর আশাবাদ ব্যক্ত করেন। মাত্র এক থেকে দেড় বছরের মধ্যেই বাণিজ্যিক ফ্লাইট চালুর ঘোষণা দেন তাঁরা। এরপরই নতুন উদ্যমে শুরু হয় কাজ। সরকারের দেওয়া ১০ কোটি টাকার বরাদ্দে প্রথম ধাপের সংস্কার ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। ৪ হাজার ৫০০ ফুট রানওয়েটি এখন ঝকঝকে নতুন কার্পেটিংয়ে প্রস্তুত, ছোট বিমান ও প্রশিক্ষণ বিমানের ওঠানামার জন্য সম্পূর্ণ সক্ষম।
সরকার বগুড়া বিমানবন্দরকে কেন্দ্র করে চার ধাপের মাস্টারপ্ল্যান নিয়েছে। প্রথম ধাপে বিদ্যমান রানওয়ে সংস্কার ও রিকার্পেটিং যা ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে।
দ্বিতীয় ধাপে রানওয়ের দৈর্ঘ্য বাড়িয়ে ৬ হাজার ফুটে উন্নীত করা।পরবর্তী ধাপে ৮ হাজার ফুটে সম্প্রসারণ। এবং চতুর্থ ও শেষ ধাপে ১০ হাজার ফুটে উন্নীত করে রানওয়েটিকে আন্তর্জাতিক মানে রূপান্তর।
বাণিজ্যিক ফ্লাইট চালুর জন্য দ্বিতীয় ধাপই এখন মূল চ্যালেঞ্জ। বাণিজ্যিক ফ্লাইট বা এটিআর-৭২ মডেলের যাত্রীবাহী বিমান পরিচালনার জন্য প্রয়োজন ৬ হাজার ফুটের রানওয়ে। এজন্য আরও দেড় হাজার ফুট রানওয়ে সম্প্রসারণ প্রয়োজন, যা নির্ভর করছে ভূমি অধিগ্রহণ ও বড় অঙ্কের বাজেট অনুমোদনের ওপর।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ-বেবিচক আশা করছে, ভূমি অধিগ্রহণ সম্পন্ন হলে ২০২৬ সালের মধ্যেই ঢাকা–বগুড়া রুটে নিয়মিত ফ্লাইট চালু করা যাবে। এ রুটে যাত্রীর ঘাটতি হবে না বলেই মনে করছে বেসরকারি এয়ারলাইন্সগুলো।
সড়কপথে ঘণ্টার পর ঘণ্টা সময় লাগলেও বিমানে ঢাকার দূরত্ব মাত্র ১৫–২০ মিনিট। তৃতীয় ও চতুর্থ ধাপে রানওয়ে ৮ থেকে ১০ হাজার ফুটে উন্নীত হলে বগুড়ার অর্থনীতিতে যুক্ত হবে নতুন সম্ভাবনা। চলাচল করবে কার্গো বিমান। বগুড়ার দই, মহাস্থানগড় অঞ্চলের সবজি, কৃষিযন্ত্রাংশসহ বিভিন্ন পণ্য দ্রুত দেশের ভেতর ও বাইরে পাঠানো যাবে। এতে উত্তরবঙ্গের ব্যবসা-বাণিজ্যে বড় পরিবর্তন আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সব কাজ পরিকল্পনা অনুযায়ী এগোলে অদূর ভবিষ্যতেই দেশের নবম অভ্যন্তরীণ বিমানবন্দর হিসেবে নাম লেখাবে বগুড়া বিমানবন্দর।
