মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে দুবাই, আবুধাবি, শারজাহ ও দোহা বিমানবন্দর বন্ধ থাকায় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একাধিক আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে।
বিমানবন্দর কর্তৃপক্ষের সর্বশেষ প্রেস বুলেটিন অনুযায়ী, শনিবার (৭ মার্চ) দিনভর মধ্যপ্রাচ্যগামী ও সেখান থেকে আগত মোট ১২টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।
বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস–এর মধ্যপ্রাচ্য থেকে আসা ১টি এরাইভাল ও ২টি ডিপার্চার ফ্লাইট।
এছাড়া এয়ার আরাবিয়া–এর ২টি এরাইভাল ও ২টি ডিপার্চার ফ্লাইট এবং ইউএস-বাংলা এয়ারলাইনস–এর ১টি এরাইভাল ও ২টি ডিপার্চার ফ্লাইট বাতিল হয়েছে।
একই সঙ্গে সালাম এয়ার–এর মধ্যপ্রাচ্য থেকে আসা ১টি এরাইভাল ও ১টি ডিপার্চার ফ্লাইট বাতিল করা হয়েছে বলে জানানো হয়েছে।
তবে কিছু আন্তর্জাতিক ফ্লাইট স্বাভাবিকভাবে চলাচল করেছে। এর মধ্যে রয়েছে সালাম এয়ারের মাস্কাট থেকে চট্টগ্রামগামী OV-401 এরাইভাল ফ্লাইট এবং চট্টগ্রাম থেকে মাস্কাটগামী OV-402 ডিপার্চার ফ্লাইট।
এছাড়া বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মদিনা থেকে BG-138 এবং মাস্কাট থেকে BG-122 নম্বর দুটি এরাইভাল ফ্লাইট চট্টগ্রামে অবতরণ করেছে।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির কারণে আজকের ১২টি ফ্লাইটসহ মোট ৮০টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।
