শক্তিশালী পাসপোর্ট সূচকে চার ধাপ এগিয়েছে বাংলাদেশ

লেখক: চেক ইন ডেস্ক
প্রকাশ: ১০ মাস আগে

বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচকে চার ধাপ এগিয়ে ৯৩ তম অবস্থানে এসেছে বাংলাদেশ। বর্তমানে ১৯৯টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান এটি। যা ২০২৪ সালে ছিল ৯৭তম। আর ২০২৩ সালে অবস্থান ছিল ৯৮তম।

তবে পাসপোর্ট সূচকে অগ্রগতি হলেও আগাম ভিসা না নিয়েও যাওয়া যায় এমন দেশের সংখ্যা কমেছে বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য। গতবছর ৪২ টি দেশে এ সুযোগ থাকলেও এবার তা কমে দাড়িয়েছে ৩৯টি দেশে। গত ৮ই ফেব্রুয়ারি যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স এ সূচক প্রকাশ করে। কোনো দেশের পাসপোর্ট দিয়ে আগাম ভিসা ছাড়া কিংবা ভিসামুক্ত সুবিধা নিয়ে কতটি দেশে যাওয়া যায় এর ওপর ভিত্তি করে শক্তিশালী পাসপোর্টের এ সূচক তৈরি করা হয়েছে বলে জানানো হয় তাদের ওয়েবসাইটে।

এবারে বিশ্বের ১৯৯টি দেশের পাসপোর্ট ও ২২৭টি ভ্রমণ গন্তব্যকে বিবেচনায় নিয়ে এ সূচক তৈরি করা হয়েছে বলে জানা যায়। প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট মালদ্বীপের। সূচকে দেশটির অবস্থান ৫২তম। এছাড়াও ভারত ৮০তম ও ভুটান ৮৩তম, মিয়ানমার ৮৮তম ও নেপাল ৮৪তম অবস্থানে রয়েছে। সূচকে ৯৩তম অবস্থানে থাকা বাংলাদেশের সঙ্গে একই অবস্থানে আছে লিবিয়া ও ফিলিস্তিন। অন্যদিকে,সবচেয়ে নিচে রয়েছে আফগানিস্তান। দেশটির নাগরিকরা মাত্র ২৫টি দেশে ভিসা-মুক্ত ভ্রমণ করতে পারেন।

সূচকের শীর্ষে অবস্থানে আছে সিঙ্গাপুর। দেশটির পাসপোর্টধারীরা আগাম ভিসা ছাড়া ১৯৩টি দেশে ভ্রমণ করতে পারেন। এছাড়াও দ্বিতীয় অবস্থানে যৌথভাবে আছে জাপান ও দক্ষিণ কোরিয়া। ১৯০টি দেশে আগাম ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন দেশ দুটির পাসপোর্টধারীরা। সূচকে তৃতীয় অবস্থানে আছে সাতটি দেশ। দেশগুলো হলো–ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড, ইতালি ও স্পেন। দেশগুলোর পাসপোর্টধারীরা ১৮৯টি দেশে আগাম ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন। চতুর্থ অবস্থানে আছে সাতটি দেশ। অস্ট্রিয়া, বেলজিয়াম, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, নরওয়ে, পর্তুগাল ও সুইডেন, এই সাতটি দেশের পাসপোর্টধারীরা ১৮৮টি দেশে আগাম ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন।

তাছাড়া গ্রিস, নিউ জিল্যান্ড ও সুইজারল্যান্ড যৌথভাবে পঞ্চম অবস্থানে আছে। এসব দেশের পাসপোর্টধারীরা ১৮৭টি দেশে আগাম ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন। 

  • বাংলাদেশী পাসপোর্ট