কলকাতা উপ-হাইক‌মিশনেও ভিসা সেবা সাময়িক বন্ধ করল বাংলাদেশ

লেখক: রাইসুল ইসলাম
প্রকাশ: ৪ মাস আগে

দিল্লি ও আগরতলার পর এবার কলকাতার বাংলাদেশ উপ-হাইক‌মিশনেও ব্যবসায়িক ও কর্মসংস্থান (ওয়ার্ক) ভিসা ছাড়া সব ধরনের ভিসা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করেছে বাংলাদেশ সরকার।

বুধবার (৭ জানুয়ারি) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে।

জানা গেছে, বুধবার থেকে বাংলাদেশ উপ-হাইক‌মিশনে কনস্যুলার সেবা ও ভিসা কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। শুধু ব্যবসায়িক ও কর্মসংস্থান ভিসা ছাড়া ভারতীয় নাগরিকদের জন্য পর্যটকসহ অন্যান্য সব ধরনের ভিসা সেবা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

বাংলাদেশে অবস্থানরত ভারতীয় নাগরিকদের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে অন্তর্বর্তী সরকার এই সিদ্ধান্ত নিয়েছে বলেও জানা গেছে।

এর আগে গত ২২ ডিসেম্বর ২০২৫ তারিখে দিল্লির বাংলাদেশ হাইকমিশনের পাশাপাশি ত্রিপুরার আগরতলায় সহকারী হাইকমিশন এবং শিলিগুড়ির ভিসা সেন্টার থেকেও ভিসা প্রদান ও কনস্যুলার সেবা সাময়িকভাবে স্থগিত করা হয়। সে সময় থেকে এখন পর্যন্ত এসব মিশনে ভিসা ও কনস্যুলার কার্যক্রম বন্ধ রয়েছে।

পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

  • কলকাতা উপ হাইকমিশন
  • কলকাতা ভিসা
  • ভারত ভিসা