চট্টগ্রাম থেকে ফের শুরু হলো ফ্লাই দুবাইর ফ্লাইট

লেখক: রাইসুল ইসলাম
প্রকাশ: ৩ সপ্তাহ আগে

দীর্ঘ প্রায় এক বছর সাত মাস বন্ধ থাকার পর চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পুনরায় আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা শুরু করেছে Flydubai।

বিমানবন্দর সূত্রে জানা যায়, সর্বশেষ ২০২৪ সালের ৩১ আগস্ট এই রুটে ফ্লাইট পরিচালনা করেছিল ফ্লাইদুবাই। বিভিন্ন সীমাবদ্ধতার কারণে পরবর্তীতে সংস্থাটি চট্টগ্রাম-দুবাই রুটে তাদের কার্যক্রম স্থগিত রাখে।

অবশেষে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ও বিমানবন্দর কর্তৃপক্ষের উদ্যোগে ১ এপ্রিল ২০২৬ থেকে আবারও নিয়মিত ফ্লাইট চালু হয়েছে। নতুন সূচি অনুযায়ী, প্রতিদিন একটি আগমনী ও একটি বহির্গমণ ফ্লাইট পরিচালনা করবে এয়ারলাইনটি।

আজ সকালে ফ্লাইদুবাইয়ের ফ্লাইট FZ563 দুবাই থেকে সকাল ৮টা ৪৫ মিনিটে চট্টগ্রামে অবতরণ করে। পরে সকাল ৯টা ৪৫ মিনিটে FZ564 ফ্লাইটটি যাত্রী নিয়ে দুবাইয়ের উদ্দেশ্যে ছেড়ে যায়।

এই উদ্যোগের ফলে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রতি সপ্তাহে আগমনী ও বহির্গমণ মিলিয়ে মোট ১৪টি আন্তর্জাতিক ফ্লাইট বৃদ্ধি পাবে, যা যাত্রীসেবা ও আন্তর্জাতিক যোগাযোগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের নিরাপত্তা ও উন্নত সেবা নিশ্চিত করতে তারা সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।

  • চট্টগ্রাম ফ্লাইট
  • ফ্লাই দুবাই
  • বিদেশযাত্রা
  • শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর