ঢাকায় তুরস্কের নতুন ভিসা আবেদনকেন্দ্র চালু হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) থেকে মোসাইক ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার তুরস্কের ভিসা আবেদন গ্রহণ শুরু করেছে।
রোববার (১ ফেব্রুয়ারি) ঢাকায় অবস্থিত তুরস্কের দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিকভাবে পরিচালিত মোসাইক ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার ১ ফেব্রুয়ারি থেকে ঢাকায় আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে।
বনানীর ১১ নম্বর রোডের এম ব্লকের ৭৭ নম্বর বাড়িতে অবস্থিত কেন্দ্রটি রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভিসা আবেদন গ্রহণ করবে। এছাড়া দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত পাসপোর্ট সংগ্রহ করা যাবে। ভিসা আবেদনের আগে অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে।
ভিসা ফি নির্ধারণ করা হয়েছে মেয়াদ ও এন্ট্রির ধরন অনুযায়ী। সিঙ্গেল এন্ট্রি ভিসার ক্ষেত্রে তিন মাসের ফি ২৪ হাজার ৭৫০ টাকা, ছয় মাসের ফি ২৭ হাজার ৬২৫ টাকা এবং ১২ মাসের ফি ৩০ হাজার ৫০০ টাকা। মাল্টিপল এন্ট্রি ভিসার ফি তিন মাসের জন্য ৪১ হাজার টাকা, ছয় মাসের জন্য ৪৩ হাজার ৮৭৫ টাকা এবং ১২ মাসের জন্য ৪৬ হাজার ৭৫০ টাকা। এছাড়া তিন মাস মেয়াদি ডাবল ট্রানজিট ভিসার ফি ৩২ হাজার ২৫০ টাকা।
অতিরিক্ত সেবার মধ্যে রয়েছে প্রিমিয়াম লাউঞ্জ ফি ৮ হাজার টাকা, ফ্লাইট রিজার্ভেশন ফি ২৫০ টাকা, হোটেল রিজার্ভেশন ফি ২৫০ টাকা, বায়োমেট্রিক ছবি ফি ২০০ টাকা, এসএমএস চার্জ ৪০ টাকা এবং ফটোকপি ও প্রিন্টআউট ফি প্রতি পিস ১০ টাকা।
