চট্টগ্রামের খুলশীতে অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশনের আওতাধীন ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভ্যাক) নিরাপত্তাজনিত পরিস্থিতি বিবেচনায় নিয়ে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
শনিবার আইভ্যাকের ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনসংক্রান্ত সাম্প্রতিক একটি নিরাপত্তা সংশ্লিষ্ট কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় রবিবার (২১ ডিসেম্বর) থেকে নতুন নির্দেশনা না আসা পর্যন্ত চট্টগ্রামের আইভ্যাক কার্যালয়ে সব ধরনের ভারতীয় ভিসা সংক্রান্ত সেবা বন্ধ থাকবে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সার্বিক পরিস্থিতি মূল্যায়নের পর ভিসা কেন্দ্র পুনরায় চালুর বিষয়ে সময়মতো আনুষ্ঠানিকভাবে জানানো হবে। নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সব ধরনের ভিসা কার্যক্রম স্থগিত থাকবে।
এ ছাড়া যেসব আবেদনকারীর ভিসার জন্য আগেই নির্ধারিত অ্যাপয়েন্টমেন্ট ছিল, তাদের নতুন তারিখ পরবর্তীতে জানানো হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
