পাকিস্তানের সঙ্গে আকাশপথের যোগাযোগ পুনঃস্থাপনে নীতিগত অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার । এ বিষয়ে চূড়ান্ত আলোচনা করতে চলতি মাসেই পাকিস্তান সফরে যাচ্ছেন বেসামরিক বিমান পরিবহন বিষয়ক উপদেষ্টা শেখ বশির উদ্দিন।
বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, পাকিস্তান সফরকালে বিমান উপদেষ্টা দেশটির সিভিল এভিয়েশন, বিমানবন্দর কর্তৃপক্ষ এবং করাচির বিভিন্ন বাণিজ্যিক সংগঠনের সঙ্গে বৈঠক করবেন। আলোচনার মূল বিষয় হবে দ্বিপাক্ষিক বাণিজ্য, কার্গো পরিবহন, শ্রমবাজার সম্প্রসারণ এবং আঞ্চলিক কানেক্টিভিটি বৃদ্ধি।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানিয়েছে, প্রাথমিকভাবে সপ্তাহে তিন দিন ঢাকা–করাচি রুটে নিয়মিত ফ্লাইট চালানোর পরিকল্পনা চূড়ান্ত হয়েছে। যাত্রী চাহিদা এবং বাণিজ্যিক সম্ভাবনা বিবেচনা করে ভবিষ্যতে ফ্লাইট সংখ্যা বৃদ্ধি করার বিষয়টিও বিবেচনায় রাখা হয়েছে।
এর আগে চলতি বছরের ৩ সেপ্টেম্বর বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক এবং পাকিস্তান সিভিল এভিয়েশন অথরিটির (সিসিএ) মহাপরিচালক নাদির শাফি দারের মধ্যে বৈঠকে ফ্লাইট পুনরায় চালু করার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।
