মধ্যপ্রাচ্য সংকটে চট্টগ্রাম বিমানবন্দর থেকে বাতিল ৪৬ টি ফ্লাইট

লেখক: রাইসুল ইসলাম
প্রকাশ: ২ সপ্তাহ আগে

মধ্যপ্রাচ্যে চলমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে দুবাই, আবুধাবি, শারজাহ ও দোহা এয়ারফিল্ড অদ্যাবধি বন্ধ থাকায় আজ সকাল থেকে বিমানবন্দরে কিছু আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।

আজ বাতিল হওয়া আন্তর্জাতিক এরাইভাল ফ্লাইটের মধ্যে রয়েছে: বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ২টি ফ্লাইট, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১টি ফ্লাইট এবং এয়ার আরাবিয়ার ৩টি ফ্লাইট। একইভাবে, আজ বাতিল হওয়া ডিপার্চার ফ্লাইটের মধ্যে রয়েছে: বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১টি এবং এয়ার আরাবিয়ার ৩টি ফ্লাইট।

তবে আজ কিছু আন্তর্জাতিক ফ্লাইট স্বাভাবিকভাবে চলছে। মাস্কাট থেকে আসা সালাম এয়ারের OV-401 ফ্লাইট সকাল ৭:৫৫ ঘটিকায় বিমানবন্দরে অবতরণ করে এবং ৯:০০ ঘটিকায় OV-402 ফ্লাইটে পুনরায় মাস্কাটের উদ্দেশ্যে রওনা হয়। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মদিনা থেকে আসা BG-136 ফ্লাইট সকাল ৮:৪০ ঘটিকায় অবতরণ করে ৯:৩০ ঘটিকায় ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। এছাড়া ইউএস-বাংলা এয়ারলাইনসের মাস্কাট থেকে আসা BS-322 ফ্লাইট সকাল ৯:০০ ঘটিকায় অবতরণ করে ৯:৫৫ ঘটিকায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জানানো হয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের যুদ্ধবিরোধী পরিস্থিতির কারণে এ পর্যন্ত মোট ৪৬টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে, যার মধ্যে আজকের ১১টি ফ্লাইট অন্তর্ভুক্ত।

জনসংযোগ বিভাগের প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানিয়েছেন, যাত্রীদের জন্য বিমান সংস্থাগুলো ভ্রমণ পরিকল্পনা পুনর্বিন্যস্ত করার পরামর্শ দিচ্ছে।

  • ফ্লাইট বাতিল
  • মধ্যপ্রাচ্য
  • শাহ আমানত বিমানবন্দর