মধ্যপ্রাচ্য সংকটে চট্টগ্রাম বিমানবন্দরে ফ্লাইট বাতিল ১৬৭

লেখক: রাইসুল ইসলাম
প্রকাশ: ৩ সপ্তাহ আগে

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও ফ্লাইট চলাচলে স্থবিরতা দেখা দিয়েছে। পরিস্থিতির কারণে আজ সারাদিনে একাধিক আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে, যা যাত্রীদের দুর্ভোগ আরও বাড়িয়েছে।

আজ বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আগত একটি ফ্লাইট, ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি আগত ও একটি বহির্গামী ফ্লাইট এবং এয়ার আরাবিয়ার একটি আগত ও একটি বহির্গামী ফ্লাইট।

তবে এর মধ্যেও কিছু ফ্লাইট চলমান ছিল। বিভিন্ন এয়ারলাইনসের মোট ৬টি আগত এবং ৬টি বহির্গামী আন্তর্জাতিক ফ্লাইট আজ স্বাভাবিকভাবে পরিচালিত হয়েছে।

এদিকে সালাম এয়ার, এয়ার আরাবিয়া এবং ইউএস-বাংলা এয়ারলাইনসের শারজাহ, দুবাই ও আবুধাবি রুটের চট্টগ্রামগামী ফ্লাইটগুলোতে স্থবিরতা এখনো অব্যাহত রয়েছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি ২০২৬ থেকে শুরু হওয়া এই সংকটের মধ্যে আজকের ৫টি বাতিল ফ্লাইটসহ মোট ১৬৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।

তথ্য নিশ্চিত করেছেন প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল, জনসংযোগ বিভাগ, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, চট্টগ্রাম।

  • ফ্লাইট বাতিল
  • বিদেশযাত্রা
  • মধ্যপ্রাচ্য
  • মধ্যপ্রাচ্য সংকট
  • শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর