বাংলাদেশি নাগরিকদের জন্য বি১/বি২ ভিজিটর ভিসা ব্যবহারে নতুন সতর্কতা জারি করেছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস ঢাকা। বুধবার (১৮ মার্চ) দূতাবাসের এক ফেসবুক পোস্টে জানানো হয়, এই ভিসার শর্ত ভঙ্গ করলে ভবিষ্যতে ভিসা জটিলতায় পড়তে হতে পারে।
দূতাবাসের সতর্কবার্তায় স্পষ্ট করে বলা হয়েছে, ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়া যাবে না। অনেকেই যুক্তরাষ্ট্রে সন্তান জন্ম দিয়ে তাকে মার্কিন নাগরিকত্ব দেওয়ার উদ্দেশ্যে ভ্রমণ করেন, যা ‘বার্থ ট্যুরিজম’ নামে পরিচিত—এ ধরনের কার্যক্রম ভিসার অপব্যবহার হিসেবে বিবেচিত হবে।
এছাড়া বি১/বি২ ভিসাধারীরা যুক্তরাষ্ট্রে কোনো নিয়োগকর্তা বা প্রতিষ্ঠানের কাছ থেকে পারিশ্রমিকের বিনিময়ে কাজ করতে পারবেন না। অর্থাৎ এই ভিসায় গিয়ে কোনো ধরনের চাকরি বা আয়ের উৎসে যুক্ত হওয়া সম্পূর্ণ নিষিদ্ধ।
দূতাবাস আরও জানায়, ভিজিটর ভিসায় গিয়ে যুক্তরাষ্ট্রে ডিগ্রি বা একাডেমিক ক্রেডিট অর্জনের জন্য পড়াশোনাও করা যাবে না।
বিশ্লেষকরা মনে করছেন, অভিবাসন ও ভিসা নীতিতে কড়াকড়ির অংশ হিসেবে এই সতর্কতা জারি করা হয়েছে। বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প-এর দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিতে কঠোরতা বাড়ানোর প্রেক্ষাপটে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।
দূতাবাস সংশ্লিষ্টদের মতে, ভিসার শর্ত মেনে চলাই নিরাপদ ভ্রমণের একমাত্র উপায়।
