দেশের আকাশপথে যোগাযোগ বৃদ্ধি এবং বিমান পরিবহন খাতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘বেস্ট ডমেস্টিক এয়ারলাইন অব দ্য ইয়ার-২০২৬’ পুরস্কার অর্জন করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। ভ্রমণবিষয়ক পাক্ষিক পত্রিকা ‘দ্য বাংলাদেশ মনিটর’ আয়োজিত এয়ারলাইন অব দ্য ইয়ার-২০২৬ পুরস্কার প্রদান অনুষ্ঠানে এ স্বীকৃতি দেওয়া হয়।
রোববার (৮ নভেম্বর) ঢাকার ক্রাউন প্লাজা এয়ারপোর্টে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি সংসদ সদস্য নাসের রহমানের কাছ থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের পক্ষে পুরস্কার গ্রহণ করেন প্রতিষ্ঠানটির হেড অব সেলস শফিকুল ইসলাম।
এ বছর বিভিন্ন ক্যাটাগরিতে একাধিক পুরস্কার অর্জন করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। এর মধ্যে বেস্ট এয়ারপোর্ট সার্ভিস (ডমেস্টিক), বেস্ট পপুলার এয়ারলাইন ব্র্যান্ড ইন বাংলাদেশ এবং বেস্ট ইমপ্রুভড এয়ারলাইন্স ক্যাটাগরিতে গোল্ড অ্যাওয়ার্ড পেয়েছে প্রতিষ্ঠানটি। এছাড়া বেস্ট শর্ট হোল এয়ারলাইন, বেস্ট ওয়েজ আর্নার ফ্রেন্ডলি এয়ারলাইন, বেস্ট আউটস্ট্যান্ডিং কানেক্টিভিটি সার্ভিস এবং বেস্ট রিজিওনাল এয়ারলাইন ক্যাটাগরিতে অর্জন করেছে সিলভার অ্যাওয়ার্ড।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ড. নুরুন্নাহার চৌধুরী। এছাড়া উপস্থিত ছিলেন দ্য বাংলাদেশ মনিটরের সম্পাদক কাজী ওয়াহিদুল আলমসহ বিমান ও পর্যটন খাতের বিশিষ্ট ব্যক্তিরা।
বিভিন্ন ক্যাটাগরিতে অর্জিত পুরস্কার গ্রহণ করেন ইউএস-বাংলা এয়ারলাইন্সের কাস্টমার সার্ভিস পরিচালক এ কে এম জুনায়েদ, জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক মো. কামরুল ইসলাম এবং সেন্ট্রাল রিজার্ভেশন বিভাগের ব্যবস্থাপক ইকবাল আহমেদ।
পুরস্কার অর্জনের প্রতিক্রিয়ায় ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন বলেন, “ইউএস-বাংলা এয়ারলাইন্সের প্রতি সকল ধরনের স্বীকৃতি যাত্রীদের আস্থার প্রতিদান। এ ধরনের স্বীকৃতি ভবিষ্যতে ইউএস-বাংলা এয়ারলাইন্সকে আরও ভালো করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ করবে।”
উল্লেখ্য, দ্য বাংলাদেশ মনিটর কর্তৃক আয়োজিত পুরস্কারে ইউএস-বাংলা এয়ারলাইন্স ২০২৫, ২০২৪, ২০২৩ ও ২০২২ সালের পাশাপাশি ২০১৫ সালেও ‘বেস্ট ডমেস্টিক এয়ারলাইন’ স্বীকৃতি অর্জন করে। এবারের পুরস্কার প্রতিষ্ঠানটির ধারাবাহিক সাফল্যের আরও একটি সংযোজন।
