মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে সংযুক্ত আরব আমিরাতে আটকে পড়া শত শত প্রবাসী বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনতে বিশেষ উদ্যোগ নিয়েছে বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স। সংস্থাটির পরিচালিত দুটি বিশেষ ফ্লাইটে ইতোমধ্যে ৭৮৩ জন প্রবাসী বাংলাদেশি নিরাপদে দেশে ফিরেছেন।
সংকটময় পরিস্থিতিতে যখন মধ্যপ্রাচ্যগামী ও সেখান থেকে আগত অনেক আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হচ্ছিল, ঠিক তখনই দুবাই এয়ারপোর্ট কর্তৃপক্ষের বিশেষ অনুমতি নিয়ে ইউএস-বাংলা ঢাকা–দুবাই–ঢাকা রুটে দুটি বিশেষ ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নেয়। এ জন্য ব্যবহার করা হয় ৪৩৬ আসনবিশিষ্ট সুপরিসর এয়ারবাস এ৩৩০-৩০০ উড়োজাহাজ।
এর অংশ হিসেবে গত বৃহস্পতিবার দুবাই থেকে ছেড়ে আসা প্রথম বিশেষ ফ্লাইটটি ৩৭৮ জন যাত্রীকে নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। দীর্ঘ অনিশ্চয়তা ও উৎকণ্ঠার পর দেশের মাটিতে পা রেখে স্বজনদের সঙ্গে মিলিত হয়ে অনেক প্রবাসী আবেগাপ্লুত হয়ে পড়েন।
এর ধারাবাহিকতায় শুক্রবার ভোরে দুবাই থেকে ছেড়ে আসা ইউএস-বাংলার দ্বিতীয় বিশেষ ফ্লাইটটি আরও ৪০৫ জন যাত্রীকে নিয়ে নিরাপদে ঢাকায় পৌঁছায়।
ইউএস-বাংলার এই উদ্যোগের ফলে যুদ্ধ পরিস্থিতির মধ্যেও দেশে ফেরার সুযোগ পান অনেক প্রবাসী বাংলাদেশি। বিশেষ করে যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছিল বা শেষ হওয়ার পথে ছিল, তাদের জন্য এই বিশেষ ফ্লাইট বড় স্বস্তির খবর হয়ে আসে।
সংশ্লিষ্টরা বলছেন, সংকটের মুহূর্তে ইউএস-বাংলা এয়ারলাইন্সের এই মানবিক উদ্যোগ দেশের বেসামরিক বিমান চলাচল খাতে একটি ইতিবাচক উদাহরণ হিসেবে বিবেচিত হবে।
