বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের মুসলমানদের জন্য বিনা খরচে পবিত্র ওমরাহ পালনের সুযোগ তৈরি করেছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। এ উপলক্ষে দেশটির সরকারি ডিজিটাল প্ল্যাটফর্ম নুসুক অ্যাপের মাধ্যমে বিশেষ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতায় বিজয়ীরা বিনামূল্যে ওমরাহ প্যাকেজের পাশাপাশি জমজমের পানিও পাবেন।
ইন্দোনেশিয়ার সংবাদমাধ্যম ডেটিকের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিযোগিতায় মোট ১০০টি ওমরাহ প্যাকেজ এবং ১০ হাজার কার্টন জমজমের পানি পুরস্কার হিসেবে দেওয়া হবে। প্রতিটি ওমরাহ প্যাকেজে দুজনের ভ্রমণের ব্যবস্থা রয়েছে।
প্যাকেজের আওতায় থাকছে ওমরাহ ভিসা, বিমান টিকিট এবং মক্কা ও মদিনায় ১০ রাতের আবাসন সুবিধা।
গত ১ নভেম্বর নুসুকের আনুষ্ঠানিক সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে প্রতিযোগিতার ঘোষণা দেওয়া হয়। ডেটিকের তথ্য অনুযায়ী, ৫ নভেম্বর বিকেল পর্যন্ত তিনজন ওমরাহ প্যাকেজ এবং আরও ৩০ জন জমজমের পানি জিতেছেন।
যেভাবে অংশ নেবেন
প্রতিযোগিতায় অংশ নিতে প্রথমে স্মার্টফোনে নুসুক অ্যাপ ডাউনলোড করতে হবে। এরপর নতুন অ্যাকাউন্ট খুলে অথবা আগে থেকে নিবন্ধিত অ্যাকাউন্টে লগইন করতে হবে।
অ্যাপে প্রবেশের পর ‘স্টার্ট দ্য চ্যালেঞ্জ’ অপশন নির্বাচন করতে হবে। সেখানে চারটি বিষয়ভিত্তিক বিভাগ থেকে যেকোনো একটি বেছে নেওয়ার সুযোগ রয়েছে। বিভাগগুলো হলো:-
১. মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবনী
২. পবিত্র কুরআন
৩. মক্কা ও মসজিদুল হারাম
৪. মদিনা ও মসজিদে নববি।
নির্বাচিত বিভাগের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে হবে অংশগ্রহণকারীদের। সঠিক উত্তর দিতে পারলে প্রতিযোগীর নাম বিজয়ী নির্বাচনের লটারির তালিকায় যুক্ত হবে।
প্রতিদিন প্রত্যেক অংশগ্রহণকারী একটি করে ডিজিটাল চাবি পাবেন। এ ছাড়া বন্ধু ও আত্মীয়দের কাছে প্রতিযোগিতার লিংক শেয়ার করে অতিরিক্ত চাবি সংগ্রহের সুযোগ রয়েছে।
প্রতিদিন ঘোষণা হবে বিজয়ীদের নাম
সৌদি আরবের স্থানীয় সময় প্রতিদিন রাতে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। নুসুকের আনুষ্ঠানিক ইনস্টাগ্রাম ও এক্স অ্যাকাউন্টে প্রকাশ করা হবে বিজয়ীদের তালিকা।
ওমরাহ প্যাকেজের পাশাপাশি জমজমের পানিও পাবেন বিজয়ীরা। প্রত্যেক বিজয়ী ২০ কার্টন জমজমের পানি পাবেন। এর মধ্যে ১০ কার্টন নিজের জন্য রাখতে পারবেন এবং বাকি ১০ কার্টন অন্যদের উপহার দিতে পারবেন।
প্রতিযোগিতায় অংশ নিতে নুসুক অ্যাপে নিবন্ধিত অ্যাকাউন্ট থাকাই যথেষ্ট। তবে কুইজে অংশগ্রহণ করলেই পুরস্কার নিশ্চিত হবে না। সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে বিজয়ী নির্বাচন করা হবে।
