চলতি বছর তিন কোটি টাকার বেশি ফেরত পাচ্ছেন হজযাত্রীরা

লেখক: চেক ইন ডেস্ক
প্রকাশ: ১ মাস আগে

চলতি বছর তিন কোটি টাকার বেশি ফেরত পাচ্ছেন হজযাত্রীরা। ২০২৬ সালের হজ ব্যবস্থাপনায় উল্লেখযোগ্য ব্যয় সাশ্রয় নিশ্চিত হওয়ায় হজ প্যাকেজ-১ ও প্যাকেজ-২ এর হজযাত্রীরা হজ শেষে এ টাকা ফেরত পাবেন বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

মঙ্গলবার দুপুরে সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘অন্তর্বর্তীকালীন সরকারের দেড় বছরে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়’ শীর্ষক এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

ধর্ম উপদেষ্টা আরও জানান, ২০২৬ সালে হজ প্যাকেজ-১ এর আওতায় মক্কা ও মদিনায় হোটেল ভাড়া বাবদ ব্যয় মোটামুটি এক হাজার সৌদি রিয়াল কমানো সম্ভব হয়েছে। পাশাপাশি হজযাত্রীপ্রতি পরিবহন ব্যয় ১০০ সৌদি রিয়াল হ্রাস করা হয়েছে। এসব সাশ্রয়ের ফলেই হজ শেষে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ ফেরত দেওয়া সম্ভব হচ্ছে।

তিনি বলেন, “যৌক্তিক খরচে হজ পালনের যে জনআকাঙ্ক্ষা ছিল, তা বাস্তবায়নে আমরা আন্তরিকভাবে কাজ করেছি।” বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ ও সফল আলোচনার মাধ্যমে ২০২৫ সালের হজে বিমানভাড়া প্রায় ২৭ হাজার টাকা এবং চলতি বছরে আরও প্রায় ১৩ হাজার টাকা কমানো হয়েছে। গত দুই বছরে মোট প্রায় ৪০ হাজার টাকা বিমানভাড়া হ্রাসকে একটি উল্লেখযোগ্য অর্জন বলে উল্লেখ করেন তিনি।

চলতি বছরের হজ ব্যবস্থাপনার বিভিন্ন দিক তুলে ধরে ড. খালিদ হোসেন বলেন, হজ প্যাকেজ-৩ এর ক্ষেত্রে সার্ভিস প্রোভাইডার কোম্পানির সঙ্গে ফলপ্রসূ আলোচনার মাধ্যমে হজযাত্রীপ্রতি প্রায় ৬০০ সৌদি রিয়াল সার্ভিস চার্জ কমানো হয়েছে। এই সাশ্রয়কৃত অর্থ এবং আবাসন ও যাতায়াত ব্যয় সমন্বয় করে হাজীদের থাকার ব্যবস্থা হারাম শরীফের আরও কাছাকাছি আনা সম্ভব হয়েছে। এর ফলে হাজীদের যাতায়াতজনিত ভোগান্তি কমেছে এবং তারা পাঁচ ওয়াক্ত নামাজ হারাম শরীফে আদায় করার সুযোগ পাচ্ছেন।

ধর্ম উপদেষ্টা বলেন, গত দেড় বছরে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সততার সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে মন্ত্রণালয় এবং এর অধীন দপ্তর-সংস্থাগুলোকে আরও সক্রিয় ও কার্যকর করার চেষ্টা করা হয়েছে। এর ফলে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে।

ইসলামিক ফাউন্ডেশনের কার্যক্রম সম্পর্কে তিনি জানান, শূন্যপদে ১৬৩ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। মামলাজনিত কারণে আরও ১৯৭ জনের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হয়নি। তবে মামলা নিষ্পত্তি সাপেক্ষে দ্রুত সময়ের মধ্যেই এ নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হবে। এছাড়া বিধি মোতাবেক নবম ও তদূর্ধ্ব গ্রেডে ২৯ জন এবং ১০ম থেকে ২০তম গ্রেডে ৩২ জনকে পদোন্নতি দেওয়া হয়েছে। নবম ও তদূর্ধ্ব গ্রেডের শূন্যপদে সাধারণ নিয়োগ প্রক্রিয়াও চলমান রয়েছে বলে জানান তিনি।

প্রেস ব্রিফিংয়ে ধর্ম উপদেষ্টা গত দেড় বছরে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার কার্যক্রম তুলে ধরেন এবং পেশাদারিত্ব ও সহযোগিতার জন্য গণমাধ্যমকর্মীদের ধন্যবাদ জানান।

এ সময় ধর্ম সচিব মো. কামাল উদ্দিন, হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. আয়াতুল ইসলাম, বাজেট ও অনুদান অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. ফজলুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • হজ