ওমরাহ যাত্রীদের কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করতে না পারায় সৌদি আরব ১ হাজার ৮০০টি বিদেশি ট্রাভেল এজেন্সির সঙ্গে করা চুক্তি স্থগিত করেছে। রোববার (২ ফেব্রুয়ারি) দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় এ তথ্য জানায়।
বর্তমানে ওমরাহ খাতে কাজ করা প্রায় ৫ হাজার ৮০০টি এজেন্সির মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক প্রতিষ্ঠানের বিরুদ্ধেই এ ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।
মন্ত্রণালয়ের জানায়, নিয়মিত মূল্যায়নের আওতায় এসব এজেন্সির কার্যক্রম পর্যবেক্ষণ করা হয়। এতে তাদের কর্মদক্ষতা ও সেবার মানে উল্লেখযোগ্য ঘাটতি ও নানা ত্রুটি ধরা পড়েছে। তাই সংশ্লিষ্ট এজেন্সিগুলোকে অভ্যন্তরীণ সমস্যা সমাধানে ১০ দিনের সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে।
মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, এই স্থগিতাদেশ আপাতত শুধু নতুন ভিসা ইস্যুর ক্ষেত্রেই প্রযোজ্য হবে। নির্ধারিত ১০ দিনের মধ্যে শর্ত পূরণ ও সেবার মান উন্নত করতে পারলে সংশ্লিষ্ট এজেন্সিগুলোর চুক্তি আবার কার্যকর করা হবে। মূলত এজেন্সিগুলোকে নিয়মের আওতায় আনতেই এ কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।
এদিকে যেসব ওমরাহ যাত্রী ইতোমধ্যে বৈধ ভিসা পেয়েছেন বা যাদের বুকিং নিশ্চিত রয়েছে, তাদের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। তাদের ওমরাহ পালন কিংবা অন্যান্য সেবা গ্রহণে কোনো বাধা আসবে না এবং পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী সব সুবিধাই তারা পাবেন।
সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের মুখপাত্র ঘাসান আল–নুয়াইমি এক বিবৃতিতে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে ত্রুটি সংশোধনে ব্যর্থ হলে সংশ্লিষ্ট এজেন্সিগুলোর বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। ওমরাহ খাতে স্বচ্ছতা নিশ্চিত করা এবং হাজিদের অধিকার সুরক্ষায় এই মনিটরিং ও মূল্যায়ন কার্যক্রম ভবিষ্যতেও কঠোরভাবে চলবে।
