সীমিত পরিসরে পুনরায় ভিসা চালু করল সংযুক্ত আরব আমিরাত

লেখক: চেক ইন ডেস্ক
প্রকাশ: ১২ মাস আগে

সীমিত পরিসরে বাংলাদেশিদের জন্য পুনরায় ভ্রমণ ভিসা চালু করল সংযুক্ত আরব আমিরাত। বাংলাদেশ ও ইউএই সরকারের মধ্যে ধারাবাহিক কূটনৈতিক যোগাযোগের ফলে ভিসা প্রদান প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। বর্তমানে প্রতিদিন গড়ে ৩০ থেকে ৫০টি ভিসা দেওয়া হচ্ছে।

এছাড়াও ব্যবসায়িক প্রতিনিধিদলের জন্য গ্রুপ ভিসা প্রসেসিং আরও দ্রুততর করা হয়েছে, যা বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে।

রোববার (৪ মে) বাংলাদেশে নিযুক্ত ইউএইর রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলি আলহামুদি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকীর সঙ্গে সাক্ষাৎকালে এসব কথা বলেন। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।

সাক্ষাৎকালে রাষ্ট্রদূত সাম্প্রতিক সপ্তাহগুলোতে সংযুক্ত আরব আমিরাত সরকারের সঙ্গে বিশেষ দূতের সক্রিয় সম্পৃক্ততার প্রশংসা করেন। তিনি ভিসা প্রক্রিয়া সহজীকরণ থেকে শুরু করে বিনিয়োগ সহযোগিতাসহ বিভিন্ন বিষয়ে অর্ধ ডজনেরও বেশি মন্ত্রী পর্যায়ের বৈঠকের কথা জানান।

তিনি আরও জানান, একটি উল্লেখযোগ্য অগ্রগতির অংশ হিসেবে ইউএই-এর মানবসম্পদ মন্ত্রণালয় দক্ষ কর্মীদের জন্য অনলাইনে ভিসা আবেদন প্রক্রিয়া পুনরায় শুরু করেছে।

বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলি আলহামুদি বলেন, সম্প্রতি বিপণন ব্যবস্থাপক ও হোটেল খাতে কর্মরতদের জন্য ভিসা ইস্যু করা হয়েছে। নিরাপত্তাপ্রহরীদের জন্য ইতোমধ্যে ৫০০টি ভিসা দেওয়া হয়েছে এবং আরও এক হাজার ভিসা অনুমোদন হয়ে ইস্যুর প্রক্রিয়ায় রয়েছে। তিনি আশা প্রকাশ করে বলেন, আগামীতে পর্যায়ক্রমে বাংলাদেশিদের জন্য ভিসা সংক্রান্ত বিধিনিষেধ আরও শিথিল করা হবে।

রাষ্ট্রদূত আরও উল্লেখ করেন, মানবিকতা ও সহানুভূতির প্রসঙ্গে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যেসব অনুরোধ আসবে, সেগুলোর বিষয়ে সংযুক্ত আরব আমিরাত সরকার নমনীয় দৃষ্টিভঙ্গি বজায় রাখবে।

  • সংযুক্ত আরব আমিরাত ভিসা