লিবিয়ায় আটকে পড়া ১৪৫ জন অনিয়মিত বাংলাদেশী নাগরিক দেশে ফিরেছেন।পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ দূতাবাস, ত্রিপলী, লিবিয়া এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (IOM) এর সহযোগিতায় লিবিয়ার বেনগাজী হতে স্বেচ্ছায় দেশে ফেরত আসতে ইচ্ছুক আটকে পড়া এসব বাংলাদেশী নাগরিককে আজ (১৩ ফেব্রুয়ারি ২০২৫) সকাল ০৫:৩০ ঘটিকায় Buraq Air (UZ 0222)-এর চার্টার্ড ফ্লাইট যোগে বাংলাদেশে প্রত্যাবাসন করা হয়েছে।
প্রত্যাবাসনকৃত অসহায় এ সকল বাংলাদেশী নাগরিককে বিমানবন্দরে অবতরণের পর পররাষ্ট্র মন্ত্রণালয় ও আর্ন্তজাতিক অভিবাসন সংস্থা (IOM)-এর কর্মকর্তাবৃন্দ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যর্থনা জানান।বর্ণিত ফ্লাইটে প্রত্যাবাসিত বাংলাদেশীদের বেশীরভাগই সমুদ্র পথে অবৈধভাবে ইউরোপ গমনের উদ্দেশ্যে মানবপাচারকারীদের প্ররোচনায় ও সহযোগিতায় লিবিয়ায় অনুপ্রবেশ করেন। তাদের অধিকাংশই লিবিয়াতে বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছিলেন। দেশে ফেরত আসার পর এই ভয়ংকর পথ পাড়ি দিয়ে আর যেন কেউ লিবিয়াতে না যায় এ বিষয়ে তাদেরকে সচেতন হওয়ার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা সবাইকে আহ্বান জানান।IOM -এর পক্ষ থেকে লিবিয়া থেকে প্রত্যাবাসনকৃত প্রত্যেককে ৬০০০/- টাকা কিছু খাদ্য সমগ্রী উপহার, মেডিক্যাল চিকিৎসা এবং প্রয়োজনে অস্থায়ী বাসস্থানের ব্যবস্থা করা হয়।
উল্লেখ্য, লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টোরে আটক বাংলাদেশী নাগরিকদের নিরাপদে প্রত্যাবাসনের ব্যবস্থা করতে পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ দূতাবাস, ত্রিপলী এবং আর্ন্তজাতিক অভিবাসন সংস্থা (IOM) এক সাথে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
