পর্যটন খাতে ১.২ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান

লেখক: শাহানুর রহমান মুকুট
প্রকাশ: ১২ ঘন্টা আগে

বাংলাদেশের পর্যটন ও আতিথেয়তা খাতে প্রাথমিকভাবে ১ দশমিক ২ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছেন জাপানি বিনিয়োগকারীরা। রোববার (১৮ অক্টোবর) সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এক সভায় এ আগ্রহের কথা জানান তাঁরা।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

সভায় মন্ত্রী বলেন, বাংলাদেশ প্রকৃতি, ঐতিহ্য ও সংস্কৃতিতে সমৃদ্ধ একটি দেশ। সুন্দরবন, কক্সবাজার সমুদ্রসৈকত ও সিলেটের চা-বাগানসহ দেশের বিভিন্ন পর্যটন আকর্ষণ বিদেশি পর্যটকদের কাছে বাংলাদেশকে সম্ভাবনাময় গন্তব্য হিসেবে তুলে ধরেছে। পর্যটন খাতের উন্নয়নে সরকার বিদেশি বিনিয়োগকে স্বাগত জানাবে।

মন্ত্রী আরও বলেন, জাপান বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধু। দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়নে জাপান সহযোগিতা করেছে। পর্যটন খাতের বিকাশেও জাপানি বিনিয়োগকারীদের সঙ্গে কাজ করতে সরকার প্রস্তুত। এ ক্ষেত্রে উভয় পক্ষের স্বার্থ নিশ্চিত করে সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) মডেলে কাজ করতে চায় সরকার।

সভায় জাপানি প্রতিনিধিরা বাংলাদেশে বিনিয়োগের বিষয়ে তাঁদের আগ্রহের কথা জানান। তাঁরা বলেন, বাংলাদেশের পর্যটন খাতের উন্নয়নে একসঙ্গে কাজ করতে তাঁরা প্রস্তুত। এ সময় পর্যটন ও আতিথেয়তা খাতে প্রাথমিকভাবে ১ দশমিক ২ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দেওয়া হয়।

বিনিয়োগের এ ঘোষণাকে স্বাগত জানিয়ে মন্ত্রী বলেন, জাপানি বিনিয়োগকারীদের আগ্রহকে সরকার আনন্দের সঙ্গে গ্রহণ করছে। আনুষ্ঠানিকভাবে বিনিয়োগ প্রস্তাব জমা দেওয়া হলে প্রয়োজনীয় ব্যবস্থা দ্রুত নেওয়া হবে। পাশাপাশি বিনিয়োগকারীদের দেশের বিভিন্ন পর্যটনকেন্দ্র পরিদর্শনের জন্য বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রতিনিধিদল দ্রুত ব্যবস্থা নেবে।

  • travel based first digital media
  • জাপান
  • পর্যটন
  • বিনিয়োগ
  • ভ্রমণ বিষয়ক প্রথম ডিজিটাল মিডিয়া