দ্বিতীয় বারের মতো বাংলাদেশ ট্রাভেল, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি অ্যাওয়ার্ডস (বিটিটিএইচএ) অনুষ্ঠিত হয়েছে। যেখানে দেশের ট্রাভেল, ট্যুরিজম ও হসপিটালিটি খাতে উৎকর্ষতা, উদ্ভাবন ও নেতৃত্বের স্বীকৃতি হিসেবে ৩৫ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হয়। গত ২৯ জানুয়ারি (বৃহস্পতিবার) ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলের বলরুমে এই সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এছাড়াও বক্তব্য রাখেন গ্যালাক্সি বাংলাদেশ গ্রুপের প্রেসিডেন্ট ও সিইও আহমেদ ইউসুফ ওয়ালিদ, ইস্টার্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা ইফতেখার, ইন্টারকন্টিনেন্টাল ঢাকার জেনারেল ম্যানেজার ডেভিড ও’হ্যানলন এবং দ্য বাংলাদেশ মনিটরের সম্পাদক কাজী ওয়াহিদুল আলম।
আয়োজকদের তথ্য অনুযায়ী, মোট ২৯টি ক্যাটাগরির জন্য এবার ৮৯টি প্রতিষ্ঠান ও ব্যক্তি মোট ১৫০টির বেশি মনোনয়ন জমা দেন। এরপর যাচাই-বাছাই ও জুরি বোর্ডের মূল্যায়নের পাশাপাশি ২০২৫ সালের ১১ নভেম্বর থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে ভোট গ্রহণ করা হয় যেখানে প্রায় ২০ হাজার মানুষ ভোটিং প্রক্রিয়ায় অংশ নেন। বাছাই প্রক্রিয়া শেষে এবার ২৭টি প্রতিষ্ঠান এবং ৮ জন ব্যক্তি এই সম্মাননা পান।
এবারের আসরে অন্যতম গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে জুরি’স লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পান পাটা বাংলাদেশ চ্যাপ্টারের চেয়ারম্যান শহীদ হামিদ। তিনি বাংলাদেশের হসপিটালিটি খাতে দীর্ঘ সময়ের অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এই সম্মাননা প্রদান করা হয়।
এছাড়াও বিটিটিএইচএ অ্যাওয়ার্ডসে হোটেল ও রেস্টুরেন্ট ক্যাটাগরিতে একাধিক প্রতিষ্ঠান শীর্ষ অবস্থান নিশ্চিত করে। লিডিং লাক্সারি হোটেল ক্যাটাগরিতে পুরস্কার পায় ইন্টারকন্টিনেন্টাল ঢাকা। পাশাপাশি প্রতিষ্ঠানটি লিডিং মাইস হোটেল ক্যাটাগরিতেও বিজয়ী হয় (এ ক্যাটাগরিতে মোট ২টি প্রতিষ্ঠান পুরস্কার পেয়েছে) এবং লিডিং এফঅ্যান্ডবি ফ্যাসিলিটিজ ক্যাটাগরিতেও সম্মাননা অর্জন করে।
লিডিং বিজনেস হোটেল ক্যাটাগরিতে অঞ্চলভিত্তিক মোট ৪টি প্রতিষ্ঠান পুরস্কার পায় ঢাকা থেকে রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন, চট্টগ্রাম থেকে দ্য পেনিনসুলা চিটাগং, নর্থ বেঙ্গল থেকে গ্র্যান্ড প্যালেস হোটেল অ্যান্ড রিসোর্টস,রংপুর এবং সাউথ বেঙ্গল থেকে হোটেল গ্র্যান্ড পার্ক বরিশাল।
এছাড়া লিডিং বিচ হোটেল ক্যাটাগরিতে ওশান প্যারাডাইস হোটেল অ্যান্ড রিসোর্ট (কক্সবাজার) এবং লিডিং ইকো-ফ্রেন্ডলি হোটেল ক্যাটাগরিতে রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন ঢাকা সম্মাননা পায়।
পাশাপাশি ট্যুর অপারেটর ও সার্ভিস ক্যাটাগরিতেও ছিল উল্লেখযোগ্য অংশগ্রহণ। লিডিং ইনবাউন্ড ট্যুর অপারেটর ক্যাটাগরিতে রিভারেইন ট্যুরস এবং দ্য বেঙ্গল ট্যুরস লিমিটেড বিজয়ী হন। অন্যদিকে লিডিং আউটবাউন্ড ট্যুর অপারেটর ক্যাটাগরিতে পুরস্কার পায় বেঙ্গল ট্রাভেল অ্যান্ড ট্যুরস লিমিটেড।
ইনোভেশন ক্যাটাগরিতে ইনোভেশন ইন ট্রাভেল টেকনোলজি পুরস্কার অর্জন করে শেয়ারট্রিপ। এছাড়াও মোস্ট ইনোভেটিভ ট্যুরিজম প্রোডাক্ট ক্যাটাগরিতে মুনলাই এবং ইনোভেশন ইন ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ট্রেনিং ক্যাটাগরিতে অ্যাভিয়েশন ডট কম ডট বিডি সম্মাননা পায়।
ব্যক্তি ক্যাটাগরিতে গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে লিডিং ট্যুরিজম এন্টারপ্রেনার হন মার্কেট এন-ট্রান্স হলিডেজ এর সৈয়দ শাফাত উদ্দিন আহমেদ তমাল। এছাড়া লিডিং ইয়াং ট্যুরিজম এন্টারপ্রেনার পুরস্কার পান ট্রাভেল নেক্সট বিডি এর শাহরিয়ার আমিন।
এবারের আসরে হোটেলিয়ার অব দ্য ইয়ার ক্যাটাগরিতে মোট ২ জন ব্যক্তি সম্মাননা পান প্যান প্যাসিফিক সোনারগাঁও এর আসিফ আহমেদ এবং রেনেসাঁ ঢাকা গুলশান হোটেল এর এমডি আল আমিন।
সংশ্লিষ্টরা বলছে, বিটিটিএইচএ অ্যাওয়ার্ডসের অন্যতম লক্ষ্য হলো বাংলাদেশে ট্রাভেল ও হসপিটালিটি খাতের অংশীজনদের সেবার মান ও পেশাদারিত্ব উন্নয়নে উৎসাহিত করা এবং স্বচ্ছ মূল্যায়নের মাধ্যমে সেরা অবদানকে স্বীকৃতি দেওয়া।
