প্রতারণামূলক বিজ্ঞাপন নিয়ে ট্রাভেল এজেন্সিদের সতর্ক করলো মন্ত্রণালয়

লেখক: চেক ইন ডেস্ক
প্রকাশ: ২ সপ্তাহ আগে

প্রতারণার উদ্দেশ্যে বিভিন্ন ট্রাভেল এজেন্সির দেওয়া মূল্যছাড়, চটকদার অফার, ক্যাশব্যাক ও ইনসেনটিভসংক্রান্ত বিজ্ঞাপনের বিষয়ে সতর্ক করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। সোমবার মন্ত্রণালয়ের এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি কিছু ট্রাভেল এজেন্সি মিথ্যা তথ্য বা প্রতারণামূলক উদ্দেশ্যে নানা ধরনের লোভনীয় অফার প্রচার করছে। এর মধ্যে রয়েছে বিশেষ মূল্যছাড়, আকর্ষণীয় প্রলোভন, ক্যাশব্যাক ও বিভিন্ন ইনসেনটিভ।

মন্ত্রণালয় আরও জানায়, বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) (সংশোধন) অধ্যাদেশ গত ১ জানুয়ারি গেজেট আকারে প্রকাশিত হয়েছে। ওই অধ্যাদেশের ৭(ঠ) ধারা অনুযায়ী, কোনো ট্রাভেল এজেন্সি যদি প্রতারণার উদ্দেশ্যে এ ধরনের বিজ্ঞাপন প্রচার করে অথবা বিজ্ঞাপনের মাধ্যমে অগ্রিম অর্থ আদায় করে, তাহলে সংশ্লিষ্ট এজেন্সির নিবন্ধন সনদ বাতিল করা হবে।

এ ধরনের প্রতারণার ঘটনা আগেও ঘটেছে বলে উল্লেখ করা হয়। গত বছরের ২ আগস্ট ফ্লাইট এক্সপার্ট নামে একটি টিকিট বুকিং প্রতিষ্ঠানের এমডির বিরুদ্ধে গ্রাহকের অর্থ আত্মসাৎ করে বিদেশে পালিয়ে যাওয়ার অভিযোগ ওঠে। পরে মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ প্রতিষ্ঠানটির তিন কর্মচারীকে গ্রেপ্তার করে।

এর আগে ২০২৩ সালে ‘লেটস ফ্লাই’ নামের একটি প্রতিষ্ঠান ৩৮টি ট্রাভেল এজেন্সির প্রায় ১০ কোটি টাকা নিয়ে উধাও হয়ে যায়। ঘটনায় একজন কর্মী গ্রেপ্তার হলেও ভুক্তভোগীরা এখনও অর্থ ফেরত পাননি।

২০২১ সালে বন্ধ হয়ে যায় অনলাইন ট্রাভেল এজেন্ট ‘টোয়েন্টিফোর টিকেট ডটকম’। অভিযোগ ছিল গ্রাহক ও ৬৭টি এজেন্টের ৪ কোটি ৪৪ লাখ টাকা আত্মসাৎ করা হয়েছে। ওই ঘটনায় কোম্পানির কর্ণধার আব্দুর রাজ্জাকসহ পাঁচজনকে আসামি করে সিআইডি মামলা করে এবং কয়েকজনকে গ্রেপ্তার করা হয়।

  • ট্রাভেল এজেন্সি