জুলাইযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের বিমানভাড়ায় ৫০ শতাংশ ছাড়

লেখক: রাইসুল ইসলাম
প্রকাশ: ২০ ঘন্টা আগে

জুলাইযোদ্ধাদের বিমানভাড়ায় ৫০ শতাংশ ছাড়ের ঘোষণা দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা।

মঙ্গলবার (১১ জুলাই) অভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে বাংলাদেশ পর্যটন করপোরেশন আয়োজিত ‘জুলাই শহীদ পরিবার ও জুলাইযোদ্ধাদের সম্মাননা ও আলোচনা’ অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।

অনুষ্ঠানে মন্ত্রী বলেন, জুলাইযোদ্ধাদের যথাযথ মূল্যায়ন ও সম্মান নিশ্চিত করতে সরকার কাজ করছে। তাদের দেশের বিভিন্ন স্থানে ভ্রমণের সুযোগ তৈরি করার পাশাপাশি দেশ-বিদেশে যাতায়াতের ক্ষেত্রেও বিশেষ সুবিধা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, জুলাইযোদ্ধাদের জন্য বিমানভাড়ায় বিশেষ ছাড় দেওয়ার বিষয়ে কাজ চলছে। তাদের বিমানভাড়ায় ৫০ শতাংশ ছাড় দেওয়া হবে।

মন্ত্রী আরও বলেন, জুলাইয়ের আন্দোলনে যারা ত্যাগ স্বীকার করেছেন, তাদের সম্মান শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত নয়। তাদের জন্য বাস্তব সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে।

জুলাইযোদ্ধাদের কর্মসংস্থানের বিষয়েও সরকারের উদ্যোগের কথা তুলে ধরে আফরোজা খানম রিতা জানান, ইতোমধ্যে চাকরির জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। যোগ্যতা অনুযায়ী জুলাইযোদ্ধাদের ওইসব পদে আবেদন করার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, জুলাইযোদ্ধাদের ভবিষ্যৎ এবং তাদের পরিবারের কল্যাণের বিষয়টিও সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।

  • জুলাই যোদ্ধা
  • বিমান
  • বিমান ভাড়া
  • সর্বশেষ