শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি প্রতিষ্ঠানের প্রস্তাব

লেখক: শাহানুর রহমান মুকুট
প্রকাশ: ২ ঘন্টা আগে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের পরিচালনা ও রক্ষণাবেক্ষণ কার্যক্রমের জন্য প্রস্তাব দাখিল করেছে জাপানি প্রতিষ্ঠান ‘সাব ওয়ার্কিং গ্রুপ’। মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর ২টায় বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদরদপ্তরে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে কারিগরি ও আর্থিক প্রস্তাব জমা দেওয়া হয়।

জাপানি প্রতিষ্ঠানটির প্রতিনিধি মাসাহিরু হিরাই বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিকের কাছে প্রস্তাব দুটি হস্তান্তর করেন। এ সময় বেবিচকের সংশ্লিষ্ট সদস্য ও কর্মকর্তাদের পাশাপাশি জাপানি প্রতিনিধি দলের সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রস্তাব দাখিলের সময় পৃথক নথিতে কারিগরি ও আর্থিক প্রস্তাব জমা দেওয়া হয়। দাখিল করা প্রস্তাবগুলো বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় গঠিত প্রস্তাব মূল্যায়ন কমিটির মাধ্যমে নির্ধারিত পদ্ধতিতে মূল্যায়ন করা হবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মূল্যায়ন কমিটিতে বেবিচকের সদস্য (প্রশাসন), সদস্য (পরিচালনা ও পরিকল্পনা), অর্থ মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, প্রধানমন্ত্রীর কার্যালয়, সরকারি-বেসরকারি অংশীদারত্ব কর্তৃপক্ষ এবং সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রতিনিধিরা রয়েছেন।

মূল্যায়ন প্রক্রিয়ায় প্রথমে কারিগরি প্রস্তাব যাচাই করা হবে। এরপর আর্থিক প্রস্তাব মূল্যায়ন করা হবে। মূল্যায়ন শেষে প্রয়োজনীয় আলোচনা ও সমঝোতা অনুষ্ঠিত হবে। সমঝোতা সফলভাবে সম্পন্ন হলে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে চুক্তি সম্পাদনের তারিখ চূড়ান্ত করা হবে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল দেশের বিমান খাতের অন্যতম বৃহৎ ও গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্প। আধুনিক প্রযুক্তি, আন্তর্জাতিক মানের যাত্রীসেবা এবং দক্ষ পরিচালন ব্যবস্থার মাধ্যমে দেশের এভিয়েশন খাতকে আরও শক্তিশালী ও বিশ্বমানের পর্যায়ে উন্নীত করতে টার্মিনালটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

  • travel based first digital media
  • থার্ড টার্মিনাল
  • ভ্রমণ বিষয়ক প্রথম ডিজিটাল মিডিয়া
  • হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর