৩ দিনের ট্যুরিজম মেলায় ৪০ কোটি টাকার ব্যবসা

লেখক: চেক ইন ডেস্ক
প্রকাশ: ৩ মাস আগে

রাজধানীর চীন-বাংলাদেশ মৈত্রী সম্মেলন কেন্দ্রে তিন দিনব্যাপী দেশের সর্ববৃহৎ পর্যটন উৎসব ১৩তম বিমান বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার-বিটিটিএফ ২০২৫ শনিবার সফলভাবে শেষ হয়েছে। এবারের আয়োজনে প্রায় ৪০ হাজার দর্শনার্থী অংশ নেন, যেখানে মোট বিক্রয় ও বাণিজ্যিক লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে ৪০ কোটি টাকা। শুধু বিমান বাংলাদেশ এয়ারলাইন্সই মেলায় তিন দিনে প্রায় ৩ কোটি টাকার টিকিট বিক্রি করেছে।

দেশের পর্যটন শিল্পের শীর্ষ সংগঠন ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) এ মেলার আয়োজন করে। এবারের মেলায় টাইটেল স্পনসর হিসেবে ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, গোল্ড পার্টনার হিসেবে আইএইচজি এবং পেমেন্ট পার্টনার হিসেবে যুক্ত ছিল বিকাশ।

মেলার সমাপনী দিনে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোকে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা নুজহাত ইয়াসমিন। আরও উপস্থিত ছিলেন টোয়াবের সভাপতি মোঃ রাফেউজ্জামান, পরিচালক (বাণিজ্য ও মেলা) মোঃ তাসলিম আমিন শোভনসহ অন্যান্য অতিথিবৃন্দ।

নুজহাত ইয়াসমিন বলেন, ‘এক সময় ট্যুরিজম ছিল একটি শখ। মানুষ সবসময় অজানাকে জানতে চায়, অচেনাকে চিনতে চায়, অদেখাকে দেখতে চায় এই কৌতূহল থেকেই পর্যটনের সূচনা। তবে সময়ের সঙ্গে সঙ্গে ট্যুরিজম এখন একটি পূর্ণাঙ্গ শিল্পে পরিণত হয়েছে। পৃথিবীর অনেক দেশেই এই শিল্প এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ খাতে পরিণত হয়েছে। আমাদের বাংলাদেশেও পর্যটন শিল্প রয়েছে, তবে আমরা এখনও সেই কাঙ্ক্ষিত অবস্থানে পৌঁছাতে পারিনি। এর মানে এই নয় যে আমাদের উপাদান বা সম্ভাবনা নেই, বরং আমরা এখনও তা যথাযথভাবে কাজে লাগাতে পারিনি।’

নুজহাত ইয়াসমিন আরও বলেন, ‘ট্যুরিজম বোর্ডে যোগ দেওয়ার পর বুঝেছি, ট্যুরিজমের উপাদান অনেক রকম হতে পারে—এটা কোনো স্থির বিষয় নয়। শুধু প্রাকৃতিক সৌন্দর্যই নয়, বরং সংস্কৃতি, খাবার, রীতিনীতি—সবকিছু মিলেই ট্যুরিজম। এটি কেবল অর্থনৈতিক খাত নয়, বরং এখানে আইডিয়া বা সৃষ্টিশীলতার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যা কিছু আমাদের নিজস্ব, সেটাই আমাদের ট্যুরিজম উপাদান। অন্য দেশের মতো করে দেখানোর প্রয়োজন নেই; বরং স্থানীয়ভাবে, নিজের জায়গার বৈশিষ্ট্য অক্ষুণ্ণ রেখে সেটাকে উপস্থাপন করতে হবে।’

তিনি বলেন, ‘ট্যুরিজমের বিবর্তনে এখন সবচেয়ে আলোচিত বিষয় হলো পরিবেশ। আমরা অবশ্যই আনন্দ চাই—অজানাকে দেখা, অচেনাকে চেনা কিংবা অদেখাকে দেখা—কিন্তু এখন ট্যুরিজম শুধুই শখ নয়, এটি একটি পেশা। এর সঙ্গে ১২টিরও বেশি উপখাত যুক্ত, যা প্রায় ২০টির কাছাকাছি হবে। অনেকেই কোনো না কোনোভাবে এই খাতের সঙ্গে সম্পর্কিত, যদিও অনেক সময় আমরা তা বুঝি না। তবে কোনো কিছুই পরিবেশের ঊর্ধ্বে নয়। এর মানে এই নয় যে পরিবেশ রক্ষায় সমন্বয় করলে খাতটি পিছিয়ে যাবে; বরং আমাদের উচিত বাস্তবতার সঙ্গে খাপ খাইয়ে ট্যুরিজমকে এগিয়ে নেওয়া।‘

আয়োজকদের তথ্য অনুযায়ী, এবারের মেলায় দেশি-বিদেশি ৮০টি প্রতিষ্ঠান অংশ নেয়, যেখানে স্থাপন করা হয় ১৫০টি স্টল। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের মধ্যে ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, শ্রীলঙ্কান এয়ারলাইনস, এয়ার আরাবিয়া, থাই এয়ারওয়েজ, এয়ার এশিয়া, তুর্কিশ এয়ারলাইনস ও ড্রুক এয়ারসহ আরও অনেক প্রতিষ্ঠান।

টোয়াব জানিয়েছে, অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো দর্শনার্থীদের কাছ থেকে অত্যন্ত ইতিবাচক সাড়া পেয়েছে। হোটেল ও রিসোর্ট প্রতিষ্ঠানগুলো বিশেষ ছাড়ে রুম ও প্যাকেজ বিক্রি করেছে। ছয়টি হোটেল ও রিসোর্ট তাদের শেয়ার বিক্রি করেছে, যা বিদেশি বিনিয়োগের ইতিবাচক ইঙ্গিত বহন করে।

এবারের মেলায় পাকিস্তান, নেপাল ও ভুটানের জাতীয় পর্যটন সংস্থা ও ট্যুরিজম অ্যাসোসিয়েশন অংশ নেয়। এছাড়া মালদ্বীপ, সিঙ্গাপুর, ভিয়েতনাম, মালয়েশিয়া, থাইল্যান্ড, চীন, শ্রীলঙ্কা, ফিলিপাইন, তুরস্ক এবং স্বাগতিক বাংলাদেশের ট্যুর অপারেটর ও ট্রাভেল এজেন্টরাও উপস্থিত ছিল।

তিন দিনের এই আয়োজনে অনুষ্ঠিত হয় বিটুবি সেশন, সেমিনার, এওয়ার্ড প্রদান ও কান্ট্রি প্রেজেন্টেশন। উদ্বোধনের দিন বাংলাদেশ ও নেপালের ট্রাভেল ট্রেড শিল্পের মধ্যে সংযোগ স্থাপন বিষয়ে বিশেষ বিটুবি নেটওয়ার্কিং ইভেন্ট হয়। এছাড়া মালদ্বীপ, ভূটান, পাকিস্তান, শ্রীলঙ্কাসহ বিভিন্ন দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে সেমিনার অনুষ্ঠিত হয়।

দেশের পর্যটন খাতে অবদানের জন্য তিন সাংবাদিকসহ ১৩ জনকে সম্মাননা প্রদান করা হয়। দর্শনার্থীদের জন্য প্রতিদিন ছিল সাংস্কৃতিক আয়োজন, পর্যটনভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শনী, আকর্ষণীয় র‌্যাফেল ড্র পুরস্কার এবং বিকাশের বিশেষ ক্যাশব্যাক অফার।

এর আগে গত বৃহস্পতিবার (৩০ অক্টোবর) মেলার উদ্বোধন করেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী।

 

 

 

 

  • টোয়াব
  • ট্রাভেল এন্ড ট্যুরিজম ফেয়ার
  • বিটিটিএফ-২০২৫