ঢাকা-রিয়াদ রুটে সরাসরি দৈনিক ফ্লাইট চালুর আগে টিকিট বিক্রি শুরু করেছে । বৃহস্পতিবার (৯ জুলাই) থেকে এ রুটের টিকিট বিক্রি শুরু হয়। আগামী ৭ আগস্ট থেকে আনুষ্ঠানিকভাবে ফ্লাইট পরিচালনা করবে সৌদি আরবের নতুন জাতীয় এয়ারলাইনটি।
এয়ারলাইনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের মধ্যে প্রতিদিন বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার উড়োজাহাজে ফ্লাইট পরিচালিত হবে। নতুন এ রুট চালুর ফলে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে ভ্রমণ, বাণিজ্য এবং পর্যটন খাতে যোগাযোগ আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।
ফ্লাইট সূচি অনুযায়ী, আরএক্স০৭৬৩ ফ্লাইট স্থানীয় সময় রাত ৯টা ২০ মিনিটে রিয়াদ থেকে ছেড়ে পরদিন সকাল ৬টা ১০ মিনিটে ঢাকায় পৌঁছাবে। ফিরতি আরএক্স০৭৬৪ ফ্লাইট সকাল ৭টা ৪০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে স্থানীয় সময় সকাল ১০টা ৫৫ মিনিটে রিয়াদে অবতরণ করবে।
রিয়াদ এয়ার জানিয়েছে, এ রুটের মাধ্যমে যাত্রীরা তাদের সম্প্রসারিত নেটওয়ার্ক ও কোডশেয়ার অংশীদারিত্বের সুবিধায় মধ্যপ্রাচ্য ও ইউরোপের বিভিন্ন গন্তব্যে সহজ সংযোগ পাবেন। একই সঙ্গে ব্যবসা, অবকাশ যাপন ও শিক্ষাসংক্রান্ত ভ্রমণের নতুন সুযোগ সৃষ্টি হবে এবং রিয়াদ বাংলাদেশি যাত্রীদের জন্য একটি গুরুত্বপূর্ণ ট্রানজিট হাব হিসেবে গড়ে উঠবে।
এয়ারলাইনটির মতে, বাংলাদেশের ক্রমবর্ধমান আন্তর্জাতিক ভ্রমণ বাজার এবং সৌদি আরবের সঙ্গে ঘনিষ্ঠ অর্থনৈতিক সম্পর্ক বিবেচনায় ঢাকা-রিয়াদ রুট তাদের বৈশ্বিক নেটওয়ার্কে একটি গুরুত্বপূর্ণ সংযোজন।
যাত্রীরা রিয়াদ এয়ারের ওয়েবসাইট, মোবাইল অ্যাপ এবং অনুমোদিত ট্রাভেল এজেন্টদের মাধ্যমে টিকিট কিনতে পারবেন।
উল্লেখ্য, বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনারে পরিচালিত এসব ফ্লাইটে বিজনেস এলিট, বিজনেস, প্রিমিয়াম ইকোনমি ও ইকোনমি—এই চারটি কেবিন শ্রেণি থাকবে। পাশাপাশি ইন-ফ্লাইট বিনোদন ব্যবস্থা, ওয়্যারলেস সংযোগ এবং আধুনিক যাত্রীসেবার সুবিধা থাকছে।
