মালদ্বীপে অসুস্থ প্রবাসীকে দেশে ফেরাতে হাইকমিশনের মানবিক সহায়তা

লেখক: রাইসুল ইসলাম
প্রকাশ: ২৪ ঘন্টা আগে

মালদ্বীপে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে দেশটির বাংলাদেশ হাইকমিশন। এর অংশ হিসেবে গুরুতর অসুস্থ এক প্রবাসী বাংলাদেশি কর্মী, মোঃ মিনার হোসেনের দেশে প্রত্যাবর্তনে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।

মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম ব্যক্তিগতভাবে মিনার হোসেনের হাতে একটি বিমান টিকিট তুলে দেন। টিকিটটি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের তহবিল থেকে প্রদান করা হয়েছে।

জানা গেছে, চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার বাসিন্দা মিনার হোসেন বিএমইটি ছাড়পত্র নিয়ে মালদ্বীপে কর্মসংস্থানের উদ্দেশ্যে যান। কর্মরত অবস্থায় তিনি হঠাৎ গুরুতর হার্ট স্ট্রোকে আক্রান্ত হন এবং বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় নিয়ে বাংলাদেশ হাইকমিশন দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে তার নিরাপদ ও মর্যাদাপূর্ণ দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করে। এ সময় হাইকমিশনার মিনার হোসেনের দ্রুত সুস্থতা কামনা করেন।

হাইকমিশনার বলেন, মালদ্বীপে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ ও নিরাপত্তা রক্ষা করা হাইকমিশনের সর্বোচ্চ অগ্রাধিকার। তিনি আরও জানান, প্রবাসী কর্মীদের জন্য চিকিৎসা, আইনি সহায়তা এবং জরুরি সেবাপ্রদান নিশ্চিত করতে হাইকমিশন সর্বদা সচেষ্ট থাকবে।

উল্লেখ্য, মিনার হোসেন আগামী ২৪ এপ্রিল ২০২৬ তারিখে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মালদ্বীপ থেকে বাংলাদেশে ফিরবেন।

মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, প্রবাসী বাংলাদেশিদের যেকোনো দুর্যোগ বা জরুরি পরিস্থিতিতে পাশে থেকে প্রয়োজনীয় সহায়তা প্রদান অব্যাহত থাকবে।

  • প্রবাস
  • প্রবাসী
  • প্রবাসী বাংলাদেশী
  • মালদ্বীপ
  • সর্বশেষ