ইতালিতে নাগরিকত্ব প্রক্রিয়ায় চালু হচ্ছে ডিজিটাল সুবিধা

লেখক: শাহানুর রহমান মুকুট
প্রকাশ: ২ সপ্তাহ আগে

ইতালির সরকার নাগরিকত্ব সংক্রান্ত আইনে বড় ধরনের সংস্কারের প্রস্তুতি নিচ্ছে। নতুন বছরের শুরুতেই এই পরিবর্তনের সুবিধা দেশটিতে বসবাসরত অভিবাসীরা উপভোগ করতে পারবেন, যার মধ্যে বাংলাদেশসহ অন্যান্য দেশের নাগরিকরাও অন্তর্ভুক্ত।

ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই মাসেই ২০২৬ সালের বাজেটে নাগরিকত্ব আইনের সংশোধনী অনুমোদন দেওয়া হয়েছে। সংশোধনীর আওতায় নাগরিকত্ব প্রক্রিয়ায় নতুন ধরনের ডিজিটাল সুবিধা যোগ করা হচ্ছে, যা আবেদনকারীদের দীর্ঘদিনের ঝামেলা অনেকটাই কমিয়ে আনবে বলে আশা করা হচ্ছে।

আইন সংশোধনের ফলে নাগরিকত্ব আবেদন প্রক্রিয়ায় সরকারি আমলাতান্ত্রিক জটিলতা কমে যাবে বলে আশা করছেন ইতালিতে বসবাসরত প্রবাসীরা। জানা গেছে, সরকারের ‘ডিজিটাল ট্রান্সফরমেশন’ কার্যক্রম শুরু হওয়ার পর চলতি বছরের মধ্যেই অভিবাসীরা এর সম্পূর্ণ সুবিধা গ্রহণ করতে পারবেন।

ভোগান্তি কমানোর উদ্দেশ্যে এই উদ্যোগের ফলে নাগরিকত্ব প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আসছে। আগে নাগরিকত্ব সংক্রান্ত ফাইল এক দপ্তর থেকে অন্য দপ্তরে ঘোরাতে-ঘোরাতে প্রক্রিয়ায় কয়েক বছর সময় লেগে যেত। নতুন ব্যবস্থায় সব তথ্য জাতীয় ডিজিটাল ডাটাবেজে সংরক্ষিত হবে। এর ফলে আবেদন করার সঙ্গে সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে যাচাই প্রক্রিয়া শুরু হবে এবং ফাইল নিষ্পত্তি অনেক দ্রুত হবে।

এছাড়া, যারা ইতালিতে দীর্ঘ সময় বৈধভাবে বসবাস করে নাগরিকত্বের জন্য আবেদন করেছেন, তাদের ১০ বছরের অবস্থানের সঠিক যাচাই করার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তাবা এআই ব্যবহার করা হবে। এতে ফাইল অপ্রয়োজনীয়ভাবে আটকে থাকার সম্ভাবনা অনেক কমে যাবে।

বিদেশে জন্ম নেওয়া শিশুদের জন্য নতুন আইনে সুযোগ রাখা হয়েছে। ২০২৬ সালের বাজেটের মাধ্যমে বিদেশে জন্ম নেওয়া শিশুদের নাগরিকত্ব ঘোষণার সময়সীমা এক বছর থেকে বাড়িয়ে তিন বছর করা হয়েছে। পাশাপাশি চলতি বছরের ১ জানুয়ারি থেকে এই ধরনের অনেক ঘোষণায় ২৫০ ইউরো ফি মওকুফ করা হয়েছে।

ইতালি সরকারের ‘ইতালিয়া ডিজিটাল ২০২৬’ প্রকল্পের আওতায় আগামী জুন মাসের মধ্যে পুরো সিস্টেম সম্পূর্ণভাবে চালু হওয়ার পরিকল্পনা রয়েছে। এর ফলে আবেদনকারীরা স্মার্টফোন ব্যবহার করে এসপিআইডি বা সিআইই-এর মাধ্যমে নাগরিকত্ব আবেদনের প্রতিটি ধাপ সরাসরি পর্যবেক্ষণ করতে পারবেন। এর আগে পাসপোর্ট আবেদনের ক্ষেত্রে এই সুবিধা চালু করা হয়েছিল।

স্থানীয় অভিবাসীরা জানিয়েছেন, প্রবাসীদের জন্য এই পরিবর্তন খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে যারা নতুন করে ইতালিতে আসতে চান বা সিজনাল ভিসায় এসে নিয়ম মেনে স্থায়ীভাবে বসবাসের পরিকল্পনা করছেন, তাদের জন্য এটি একটি বড় সুযোগ হয়ে উঠেছে।

  • travel based first digital media
  • ইতালি
  • ভ্রমণ বিষয়ক প্রথম ডিজিটাল মিডিয়া