বাংলাদেশের ট্যুরিজম, এভিয়েশন ও মাইগ্রেশন খাতের নীতিনির্ধারণী বিষয় নিয়ে শুরু হলো পডকাস্ট ‘চেক ইন বাংলাদেশ’। ট্রাভেল ইন্ডাস্ট্রি নিয়ে দেশের প্রথম পলিসি-কেন্দ্রিক এই পডকাস্টে উঠে আসবে বিমান চলাচল, পর্যটন, অভিবাসন, ভিসা, হসপিটালিটি ও সংশ্লিষ্ট খাতের নীতি, সম্ভাবনা ও চ্যালেঞ্জ। শুক্রবার (১৫ আগস্ট) আনুষ্ঠানিকভাবে পডকাস্টটির যাত্রা শুরু হয়। ‘চেক ইন বাংলাদেশ’-এর প্রথম এপিসোডে অতিথি হিসেবে ছিলেন ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম।
পডকাস্টটির প্রতিটি পর্বে বিমান চলাচল, আন্তর্জাতিক রুট সম্প্রসারণ, বিমানবন্দর উন্নয়ন, এয়ারলাইনসের ভবিষ্যৎ পরিকল্পনা, পর্যটন অবকাঠামো, ভিসা নীতি, প্রবাসী ও অভিবাসনসহ ট্রাভেল ইন্ডাস্ট্রির সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যু নিয়ে নীতিনির্ধারক, বিশেষজ্ঞ, উদ্যোক্তা ও পেশাজীবীদের সঙ্গে আলোচনা করা হবে বলে জানিয়েছে ‘চেক ইন বাংলাদেশ’-এর প্রযোজক মোঃ শাহানুর রহমান মুকুট। ইন্ডাস্ট্রির নীতিগত বিষয়গুলো সাধারণ দর্শকের কাছে সহজভাবে তুলে ধরার লক্ষ্যেই এই পলিসি-কেন্দ্রিক পডকাস্টের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তাঁরা।
‘চেক ইন বাংলাদেশ’-এর পরিকল্পনা ও উপস্থাপনা করছেন এভিয়েশন বিষয়ক সাংবাদিক নাঈম আবির। তিনি দীর্ঘদিন ধরে পর্যটন ও এভিয়েশন বিষয়ক সাংবাদিকতার সঙ্গে যুক্ত। পডকাস্টটির বিষয়ে নাঈম আবির বলেন, “বাংলাদেশের ট্রাভেল ইন্ডাস্ট্রি এখন দ্রুত পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। এই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে শুধু খবর প্রকাশ নয়, নীতিনির্ধারক ও ইন্ডাস্ট্রির অংশীজনদের মধ্যে অর্থবহ আলোচনা প্রয়োজন। ‘চেক ইন বাংলাদেশ’-এর মাধ্যমে আমরা সেই সংলাপের একটি প্ল্যাটফর্ম তৈরি করছি। এখানে আমরা শুধু কী হচ্ছে তা নয়, কেন হচ্ছে এবং সামনে কী হতে পারে—সেটিও তুলে ধরব।”
দেশের ভ্রমণ বিষয়ক প্রথম ডিজিটাল মিডিয়া ‘চেক ইন’-এ প্রতি শনিবার সন্ধ্যা ৭টায় নিয়মিত প্রকাশিত হবে ‘চেক ইন বাংলাদেশ’-এর নতুন পর্ব। ট্রাভেল, ট্যুরিজম, এভিয়েশন ও মাইগ্রেশন খাতের নীতি, সম্ভাবনা ও ভবিষ্যৎ নিয়ে ধারাবাহিক আলোচনার মাধ্যমে পডকাস্টটিকে একটি কার্যকর সংলাপের প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলার লক্ষ্য ‘চেক ইন’ এর।
