বিশ্বের শক্তিশালী পাসপোর্টের তালিকায় আবারও বড় ধরনের অবনমন ঘটেছে বাংলাদেশের। আন্তর্জাতিক ভ্রমণ সক্ষমতার মাপকাঠি ‘হেনলি পাসপোর্ট ইনডেক্স’-এর ২০২৬ সালের জানুয়ারি সংস্করণে দেখা গেছে, বাংলাদেশের পাসপোর্ট এখন উত্তর কোরিয়া এবং যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের চেয়েও দুর্বল অবস্থানে রয়েছে। বর্তমানে বিশ্বের সপ্তম দুর্বলতম পাসপোর্টের তকমা পেয়েছে বাংলাদেশ।
হেনলি অ্যান্ড পার্টনারস-এর প্রকাশিত সর্বশেষ তালিকায় মোট ১০১টি অবস্থানের মধ্যে বাংলাদেশের অবস্থান ৯৫তম। যেখানে গত সংস্করণে ১০৬টি অবস্থানের মধ্যে বাংলাদেশ ১০০তম স্থানে ছিল। সূচক অনুযায়ী, বর্তমানে একজন বাংলাদেশি নাগরিক বিশ্বের মাত্র ৩৭টি দেশে ভিসা ছাড়া বা অন-অ্যারাইভাল ভিসায় ভ্রমণ করতে পারেন।
বিপরীতে, প্রায় বিচ্ছিন্ন দেশ উত্তর কোরিয়া এবং সংঘাতময় ফিলিস্তিন যৌথভাবে তালিকার ৯৪তম অবস্থানে রয়েছে। এই দুই দেশের নাগরিকরা ভিসা ছাড়াই ৩৮টি দেশে যাওয়ার সুযোগ পান। অর্থাৎ, সক্ষমতার বিচারে এই দুই দেশের পাসপোর্টও এখন বাংলাদেশের চেয়ে শক্তিশালী।
দক্ষিণ এশিয়ায় পাসপোর্টের শক্তিতে আধিপত্য বজায় রেখেছে মালদ্বীপ। তালিকায় বাংলাদেশের পেছনে রয়েছে মাত্র তিনটি দেশ নেপাল, পাকিস্তান ও আফগানিস্তান।
শীর্ষে মালদ্বীপ: ৯২টি গন্তব্য (৫২তম অবস্থান)
ভারত: ৫৫টি গন্তব্য (৮০তম অবস্থান)
ভুটান: ৫০টি গন্তব্য (৮৫তম অবস্থান)
শ্রীলঙ্কা: ৩৯টি গন্তব্য (৯৩তম অবস্থান)
বাংলাদেশ: ৩৭টি গন্তব্য (৯৫তম অবস্থান)
২০২৬ সালের সূচকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট এখন সিঙ্গাপুরের (১৯২টি দেশে ভিসা-মুক্ত প্রবেশ)। দ্বিতীয় স্থানে রয়েছে জাপান ও দক্ষিণ কোরিয়া। অন্যদিকে, তালিকার একেবারে তলানিতে অবস্থান করছে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান, যাদের নাগরিকরা মাত্র ২৪টি দেশে ভিসা ছাড়া যেতে পারেন।
‘ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অথরিটি’ (আইএটিএ)-এর তথ্যের ভিত্তিতে ১৯৯টি পাসপোর্ট এবং ২২৭টি ভ্রমণ গন্তব্য নিয়ে এই সূচকটি তৈরি করা হয়েছে।
