৩০ অক্টোবর ঢাকায় বসছে দেশের সবচেয়ে বড় আন্তর্জাতিক পর্যটন মেলা-বিটিটিএফ

লেখক: চেক ইন ডেস্ক
প্রকাশ: ৬ মাস আগে

আগামী ৩০ অক্টোবর থেকে রাজধানী ঢাকায় শুরু হতে যাচ্ছে দেশের সবচেয়ে বড় আন্তর্জাতিক পর্যটন মেলা—বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার (বিটিটিএফ) ২০২৫। যা চলবে তিন দিনব্যাপী, অর্থাৎ ৩০ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত। এই মেলা অনুষ্ঠিত হবে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ কনফারেন্স সেন্টারে (বিসিএফসিসি)।

বাংলাদেশের শীর্ষ পর্যটন বাণিজ্য সংগঠন টোয়াব (ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) এই আয়োজনের মূল উদ্যোক্তা। মেলায় অংশগ্রহণ করছে দেশি ও বিদেশি ট্যুর অপারেটর, ট্রাভেল এজেন্সি, এয়ারলাইনস, হোটেল, রিসোর্ট এবং ক্রুজ কোম্পানিগুলো। এবারে মেলায় প্রথমবারের মতো মেডিকেল ট্যুরিজমের জন্য আলাদা জোন রাখা হয়েছে।

সংগঠনটির জানায়, এবারের মেলায় ২০টিরও বেশি দেশ অংশ নিচ্ছে। এর মধ্যে রয়েছে-মালয়েশিয়া, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, ভিয়েতনাম, সংযুক্ত আরব আমিরাত ও তুরস্ক। প্রদর্শকদের সংখ্যা ২৫০-এর বেশি এবং বাণিজ্যিক প্রতিনিধির সংখ্যা প্রায় ২ হাজার।

মেলায় থাকবে চারটি পৃথক হল। মোট ২২০টি স্টল ও প্যাভিলিয়নে দেশি-বিদেশি প্রতিষ্ঠানগুলো তাদের পর্যটন পণ্য ও সেবা প্রদর্শন করবে। আয়োজকরা আশা করছেন, এ তিন দিনে মেলায় প্রায় ৫০ হাজার দর্শনার্থী উপস্থিত হবেন।

বিশেষভাবে জুলাই যোদ্ধা এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য মেলায় প্রবেশ সম্পূর্ণ বিনামূল্যে রাখা হয়েছে, যাতে তারা পর্যটন খাত সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে পারে।

মেলায় দর্শক ও প্রদর্শকদের সুবিধার জন্য একটি বিশেষ মোবাইল অ্যাপ চালু করা হয়েছে, যা বাংলাদেশের মেলার ইতিহাসে প্রথম। এই অ্যাপের মাধ্যমে দর্শকরা ভেন্যুর ডিজিটাল ম্যাপ, স্টলের অবস্থান, প্রতিষ্ঠানসমূহের নাম ও কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন। পাশাপাশি, টোয়াবের ওয়েবসাইটে নতুন প্রযুক্তি-ভিত্তিক ফিচার যুক্ত করা হয়েছে, যার মাধ্যমে বিশ্বের যেকোনো স্থান থেকে আগ্রহীরা অনলাইনে রেজিস্ট্রেশন করে মেলার সর্বশেষ আপডেট পেতে পারবেন।

এবারের মেলায় টেকসই ও পরিবেশবান্ধব পর্যটন প্রসারে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। পুরো মেলা প্লাস্টিকমুক্ত থাকবে। দেশের আটটি বিভাগের বিভিন্ন পর্যটন স্পটে বৃক্ষরোপণ কর্মসূচি ও সচেতনতামূলক প্রচারাভিযান চালানো হবে।

মেলায় চলবে সাইডলাইন ইভেন্ট হিসেবে বিটুবি (B2B) সেশন, সেমিনার, রাউন্ড টেবিল আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। দর্শনার্থীদের জন্য প্রতিদিন আয়োজন করা হবে র‍্যাফেল ড্র, বিজয়ীদের জন্য থাকবে আকর্ষণীয় পুরস্কার।

মেলার বিস্তারিত তথ্য উপস্থাপন করতে সোমবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন টোয়াবের সভাপতি মো. রাফেউজ্জামান, পরিচালক (বাণিজ্য ও মেলা) মো. তাসলিম আমিন শোভন, প্রথম সহ-সভাপতি আবুল কালাম আজাদ, সহ-সভাপতি মো. আনোয়ার হোসেন, সদ্য সাবেক সভাপতি শিবলুল আজম কোরেশী এবং টোয়াবের অন্যান্য পরিচালক ও সদস্যবৃন্দ।

সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান সায়েমা শাহীন সুলতানা। তিনি বলেন, বিটিটিএফ বাংলাদেশের পর্যটন উন্নয়নে একটি অন্যতম প্ল্যাটফর্ম। সরকারের পক্ষ থেকে আমরা এই আয়োজনকে সর্বাত্মক সহযোগিতা করছি।

এছাড়াও বক্তব্য রাখেন বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজি মো. মাইনুল হাসান, বিটিটিএফ ২০২৫-এর গোল্ড স্পন্সর আইএইচজি সাউথ ওয়েস্ট এশিয়ার এরিয়া জেনারেল ম্যানেজার অশ্বিনী নায়ার, এবং এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশের (এটিজেএফবি) সভাপতি তানজিম আনোয়ার।

অনুষ্ঠানে টোয়াবের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের পরিচালক মো. ইউনুছ অনুষ্ঠান সঞ্চালনা করেন এবং মেলার জন্য প্রস্তুতকৃত মোবাইল অ্যাপের আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করা হয়।

আয়োজকরা আশা করছেন, বিটিটিএফ ২০২৫ শুধুমাত্র একটি ব্যবসায়িক আয়োজন নয়, বরং দেশের পর্যটন শিল্পের উন্নয়ন, সচেতনতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক স্তরে বাংলাদেশের পর্যটন সম্ভাবনা তুলে ধরার একটি কার্যকর প্ল্যাটফর্ম হয়ে উঠবে।

 

  • টোয়াব
  • পর্যটন মেলা
  • বিটিটিএফ-২০২৫