মালয়েশিয়ায় কর্মসংস্থানে যেতে ইচ্ছুক বাংলাদেশি কর্মীদের মেডিকেল পরীক্ষার ফি জনপ্রতি ৮ হাজার টাকা নির্ধারণ করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। নির্ধারিত ফির অতিরিক্ত কোনো অর্থ আদায় করা যাবে না বলে কঠোর নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষার জন্য কোনোভাবেই ৮ হাজার টাকার বেশি দেওয়া যাবে না। একই সঙ্গে মেডিকেল পরীক্ষা করানোর ক্ষেত্রে দালাল বা মধ্যস্বত্বভোগীদের সঙ্গে যোগাযোগ না করার জন্য কর্মীদের সতর্ক করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, কোনো মেডিকেল সেন্টার নির্দিষ্ট কোনো রিক্রুটিং এজেন্সির অধীনে কাজ করবে না। মালয়েশিয়ায় যাওয়ার জন্য নির্বাচিত কর্মীরা অনুমোদিত যেকোনো মেডিকেল সেন্টারে স্বাস্থ্য পরীক্ষা করাতে পারবেন।
এ ছাড়া, কোনো রিক্রুটিং এজেন্সি মেডিকেল স্লিপ দেওয়ার পর কর্মী অন্য এজেন্সির মাধ্যমে বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নিলে আগের এজেন্সিকে বিলম্ব না করে মেডিকেল রিপোর্ট পাঠিয়ে দিতে হবে। এ ক্ষেত্রে স্লিপ প্রদানকারী এজেন্সির কোনো আপত্তি গ্রহণযোগ্য হবে না বলেও জানিয়েছে মন্ত্রণালয়।
কোনো মেডিকেল সেন্টার নির্ধারিত ৮ হাজার টাকার বেশি দাবি করলে কিংবা কর্মীদের হয়রানি, টালবাহানা বা অন্য কোনো ধরনের অনিয়ম করলে তাৎক্ষণিকভাবে মন্ত্রণালয়কে জানানোর অনুরোধ করা হয়েছে। অভিযোগ জানাতে ইমেইল করা যাবে secretary@probashi.gov.bd ঠিকানায়।
বিজ্ঞপ্তিতে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, মাইগ্রামস (MIGRAMS) স্লিপের জন্য কোনো ফি দিতে হয় না।
মন্ত্রণালয় জানিয়েছে, মেডিকেল সেন্টারগুলোর কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ ও পরিদর্শন করা হবে। কোনো অনিয়ম বা অসংগতি পাওয়া গেলে সংশ্লিষ্ট মেডিকেল সেন্টারের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মালয়েশিয়াগামী কর্মী, রিক্রুটিং এজেন্সি ও মেডিকেল সেন্টারগুলোকে সরকারি নির্দেশনা যথাযথভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। পাশাপাশি সুষ্ঠু, মানসম্মত ও নিয়মতান্ত্রিক বৈদেশিক কর্মসংস্থান নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করা হয়েছে।
