দেশে এলো সড়ক দুর্ঘটনায় নিহত আট প্রবাসীর মরদেহ

লেখক: চেক ইন ডেস্ক
প্রকাশ: ৬ মাস আগে

ওমানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত আট বাংলাদেশি প্রবাসীর মরদেহ দেশে পৌঁছেছে। শনিবার (১৮ অক্টোবর) দিবাগত রাত সোয়া আটটায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে মরদেহগুলো চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

বিমানবন্দরে উপস্থিত স্বজনদের কাছে মরদেহগুলো হস্তান্তর করা হলে এক হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে পুরো বিমানবন্দর এলাকা।

জানা গেছে, নিহত আটজনের মধ্যে সাতজনের বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় এবং একজনের বাড়ি রাউজান উপজেলায়। তারা সবাই ওমানে মাছ শিকারের কাজ করতেন। গত ৮ অক্টোবর ওমানের ধুকুম প্রদেশের সিদরা এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তারা প্রাণ হারান।

নিহতরা হলেন— আমিন মাঝি (৫০), মো. সাহাবুদ্দিন (২৮), মো. বাবলু (২৮), মো. রকি (২৭), মো. আরজু (২৬), মো. জুয়েল (২৮), মোশারফ হোসেন রনি (২৬) ও আলাউদ্দিন।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত সাত প্রবাসীর জানাজার আয়োজন করা হয়েছে। রোববার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় সন্দ্বীপের এনাম নাহার মোড়সংলগ্ন পূর্ব সন্দ্বীপ উচ্চবিদ্যালয় মাঠে তাদের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

  • প্রবাসী
  • মরদেহ
  • সড়ক দুর্ঘটনা