পর্যটন বা ব্যবসায়িক উদ্দেশ্যে (বি১/বি২ ভিসা) যুক্তরাষ্ট্রে গিয়ে কোনো ডিগ্রি বা প্রাতিষ্ঠানিক ক্রেডিট দেয় এমন শিক্ষা কার্যক্রমে অংশ নেওয়া যাবে না। ঢাকার মার্কিন দূতাবাস আজ এক বিশেষ বার্তায় এই সতর্কতা জারি করেছে।
দূতাবাসের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে যে, ভ্রমণ ভিসায় যুক্তরাষ্ট্রে অবস্থানকালীন কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়া আইনত দণ্ডনীয়। নিয়ম অনুযায়ী, বি১ (ব্যবসায়িক) বা বি২ (পর্যটন) ভিসার মূল উদ্দেশ্য কেবল ঘুরে বাড়ানো, চিকিৎসা নেওয়া বা স্বল্পমেয়াদী সভায় অংশ নেওয়া। এর বাইরে কোনো প্রাতিষ্ঠানিক পড়াশোনায় অংশ নেওয়াকে ভিসার অপব্যবহার হিসেবে গণ্য করা হবে।
বার্তায় আরও সতর্ক করা হয়েছে যে, অল্প সময়ের জন্য হলেও এই নিয়ম লঙ্ঘন করলে তা সংশ্লিষ্ট ব্যক্তির জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। অননুমোদিতভাবে পড়াশোনায় লিপ্ত হওয়ার বিষয়টি প্রমাণিত হলে ওই ব্যক্তির ওপর ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে স্থায়ী নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে। অর্থাৎ, একবার ভুল করলে ভবিষ্যতে আর কখনোই যুক্তরাষ্ট্রে যাওয়ার সুযোগ মিলবে না।
মার্কিন আইন অনুযায়ী, যারা দেশটিতে পড়াশোনা করতে চান, তাদের জন্য আলাদা ক্যাটাগরির স্টুডেন্ট ভিসা (যেমন- F-1 বা M-1) রয়েছে। ভ্রমণ ভিসার আড়ালে একাডেমিক ক্রেডিট বা ডিগ্রি নেওয়ার চেষ্টা করলে ইমিগ্রেশন বিভাগ কঠোর ব্যবস্থা নেবে। তাই ভ্রমণের উদ্দেশ্যে গিয়ে সেখানে পড়াশোনা শুরু না করার জন্য বিশেষভাবে অনুরোধ করেছে দূতাবাস।
