হজ শেষে ঢাকা-সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট পুনরায় চালু

লেখক: রাইসুল ইসলাম
প্রকাশ: ৩ সপ্তাহ আগে

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, ঢাকা-সিলেট-ম্যানচেস্টার রুটের ফ্লাইট স্থায়ীভাবে বন্ধ করা হয়নি। হজযাত্রী পরিবহনের কারণে সাময়িকভাবে এই রুটে ফ্লাইট পরিচালনা স্থগিত রাখা হয়েছে।

বৃহস্পতিবার সিলেট জেলা আইনজীবী সমিতি আয়োজিত ইফতার ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, হজ কার্যক্রম শেষ হলেই ম্যানচেস্টার রুটের ফ্লাইট পুনরায় চালু করা হবে। তিনি বলেন, “অন্যান্য রুটেও ফ্লাইট সংখ্যা সাময়িকভাবে কমানো হয়েছে। হজ অপারেশন সম্পন্ন হওয়ার পর সবকিছু স্বাভাবিক হবে।”

শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালনকারী আরিফুল হক চৌধুরী বলেন, জনগণের চাহিদা পূরণে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। নির্বাচনে জনগণের যে প্রত্যাশা রয়েছে, তা বাস্তবায়নে আগামী পাঁচ বছর প্রতিদিন কাজ করবে সরকার।

তিনি আরও বলেন, প্রবাসী যাত্রীদের সেবাকে সহজ ও ব্যবহারবান্ধব করতে সরকার কাজ করছে। এ লক্ষ্যে আগামী রোববার মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বিমানবন্দরের বিদ্যমান সমস্যাগুলো নিয়ে বৈঠক অনুষ্ঠিত হবে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা সরেজমিন পরিদর্শনের মাধ্যমে সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান তিনি। শুধু সিলেট নয়, দেশের সব বিমানবন্দরে প্রবাসী যাত্রীদের জন্য সর্বোচ্চ সুবিধা ধাপে ধাপে নিশ্চিত করা হবে বলেও উল্লেখ করেন মন্ত্রী।

অনুষ্ঠানে সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি গোলাম ইয়াহিয়া চৌধুরী সুহেল সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য ইমরান আহমদ চৌধুরী। এছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও আইনজীবী সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • ঢাকা-ম্যানচেস্টার ফ্লাইট
  • ঢাকা-সিলেট-ম্যানচেস্টার
  • হজ