বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম বলেছেন, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের থার্ড টার্মিনালের সংস্কারকাজ শেষ করে দ্রুত চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। হজ যাত্রীদের দুর্ভোগ কমানো এবং প্রবাসীদের হয়রানি বন্ধে সরকার কাজ করছে বলেও জানান তিনি।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১১টায় মানিকগঞ্জ সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন মন্ত্রী।
আফরোজা খানম বলেন, “সামনে পবিত্র হজ। হজ যাত্রীদের যেন কোনো ভোগান্তি না হয়, সে বিষয়ে বিশেষ নজর রাখা হবে।” তিনি জানান, বিমান বন্দরে সেবার মান উন্নয়ন এবং যাত্রীবান্ধব পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
প্রবাসীদের সুবিধার বিষয়ে মন্ত্রী বলেন, “আমরা চাই প্রবাসীরা বিমান বন্দরের কমফোর্ট জোনে স্বাচ্ছন্দ্যে থাকতে পারেন। বিমান বন্দরে নেমেই তারা যেন পরিবর্তন উপলব্ধি করতে পারেন এবং কোনো সমস্যার মুখোমুখি না হন।”
দায়িত্ব নেওয়ার পর মন্ত্রণালয়ের কাজের অগ্রগতি প্রসঙ্গে তিনি বলেন, “দায়িত্ব নেওয়ার পর দেখেছি এই দপ্তরে অনেক কাজ জমে আছে। সময় নষ্ট না করে ধীরে ধীরে জমে থাকা কাজগুলো সম্পন্ন করতে হবে।”
বিমান বন্দরের অনিয়ম ও দুর্নীতির বিষয়ে সরকার কঠোর অবস্থানে রয়েছে উল্লেখ করে আফরোজা খানম বলেন, “দুর্নীতির বিষয়ে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে। শুধু বিমান বন্দর নয়, সব দপ্তরের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।” তিনি আরও জানান, বিমান বন্দরের টিকিট সিন্ডিকেটের বিষয়েও সরকার সতর্ক অবস্থানে আছে।
মন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন, চলমান সংস্কার ও উন্নয়ন কার্যক্রমের ফলে যাত্রীসেবা আরও উন্নত হবে এবং হজ যাত্রীসহ সব যাত্রীই স্বস্তিদায়ক অভিজ্ঞতা পাবেন।
