ফের চালু হচ্ছে ঢাকা-মালে সরাসরি ফ্লাইট

লেখক: চেক ইন ডেস্ক
প্রকাশ: ৩ সপ্তাহ আগে

 

বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে আকাশপথে যোগাযোগ আরও জোরদার করতে ফের ঢাকা-মালে-ঢাকা সরাসরি ফ্লাইট চালু হচ্ছে। আাগামী ১২ মার্চ থেকে এই ফ্লাইট পুনরায় চালুর ঘোষণা দিয়েছে মালদ্বীপের জাতীয় উড়োজাহাজ সংস্থা মালদিভিয়ান এয়ারলাইন্স। একইসঙ্গে রাজধানীর গুলশান অ্যাভিনিউর তাজ ম্যারিয়ট ভবনে তাদের নতুন সিটি অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

মালদিভিয়ানের ব্যবস্থাপনা পরিচালক এম. ইব্রাহিম ইয়াস জানান, মালদ্বীপে বসবাসরত বৃহৎ বাংলাদেশি প্রবাসী সম্প্রদায়ের দীর্ঘদিনের চাহিদার কথা বিবেচনায় নিয়েই রুটটি পুনরায় চালু করা হচ্ছে। তিনি বলেন, “ঢাকা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বাজার। নির্ভরযোগ্য, সাশ্রয়ী ও সুবিধাজনক ভ্রমণ সুবিধা নিশ্চিত করতেই এই উদ্যোগ।”

নতুন সেবা চালুর অংশ হিসেবে মালদিভিয়ানের প্রতিনিধিদল বাংলাদেশ সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে।

এয়ারলাইনটির বহরে বর্তমানে এয়ারবাস এ৩৩০, এ৩২০ ও এটিআরসহ মোট ২৬টি উড়োজাহাজ রয়েছে। প্রাথমিকভাবে সপ্তাহে দুই দিন রবিবার ও বৃহস্পতিবার ঢাকা-মালে রুটে ফ্লাইট পরিচালনা করা হবে। রিটার্ন ভাড়া শুরু হবে ৩৯৯ মার্কিন ডলার থেকে  যা বাংলাদেশি টাকায় প্রায় ৪৭ হাজার ৮৮০ টাকা।

যাত্রীদের সুবিধার্থে ফ্লাইটগুলো ভোরের দিকে ঢাকায় অবতরণ করবে, যাতে তারা সহজেই আন্তর্জাতিক সংযোগ ফ্লাইট ধরতে পারেন। এছাড়া ৩০ কেজি ব্যাগেজ সুবিধা ও বিনামূল্যে অনবোর্ড খাবার দেওয়া হবে। টিকিট বুকিংয়ের জন্য এয়ারলাইনটির ওয়েবসাইট, মোবাইল অ্যাপ এবং ১৬৭১ নম্বর কল সেন্টার ব্যবহার করা যাবে।

রমজান ও ঈদুল ফিতরকে সামনে রেখে যাত্রীদের ভ্রমণ চাহিদা বিবেচনায় এ সময়ে সেবাটি চালু করা হচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি। পাশাপাশি রুট পুনরায় চালুর আনন্দ উদযাপন করতে মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের জন্য “Dhaka, We Heard You” শিরোনামে বিশেষ এক মিউজিক ফেস্টিভ্যাল আয়োজনের ঘোষণাও দেওয়া হয়েছে।

  • ঢাকা-মালে ফ্লাইট
  • মালদিভিয়ান এয়ারলাইন্স