মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধাবস্থা তীব্র আকার ধারণ করায় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর-এ আন্তর্জাতিক ফ্লাইট চলাচল পুনরায় স্থবির হয়ে পড়েছে। এর প্রভাব হিসেবে বুধবার সারাদিনে মোট ৮টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে।
বিমানবন্দর সূত্র জানায়, বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মধ্যপ্রাচ্যগামী ২টি ডিপার্চার ফ্লাইট। এছাড়া ইউএস-বাংলা এয়ারলাইন্সের মধ্যপ্রাচ্য থেকে আগত ১টি অ্যারাইভাল এবং ১টি ডিপার্চার ফ্লাইট বাতিল করা হয়েছে।
একইসঙ্গে এয়ার অ্যারাবিয়ার শারজাহ থেকে আগত ২টি অ্যারাবিয়ার এবং শারজাহগামী আরও ২টি ডিপার্চার ফ্লাইট বাতিল হয়েছে।
তবে সব মিলিয়ে আজ কিছু ফ্লাইট চলাচল স্বাভাবিক ছিল। বিভিন্ন এয়ারলাইন্সের মধ্যপ্রাচ্য থেকে আগত ৯টি অ্যারাইভাল এবং ৫টি ডিপার্চার ফ্লাইট সচল ছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বিমানবন্দর কর্তৃপক্ষ আরও জানায়, সালাম এয়ার, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, এয়ার অ্যারাবিয়া ও ইউএস-বাংলা এয়ারলাইন্সের শারজাহ, দুবাই ও আবুধাবিগামী ফ্লাইটগুলোর স্থবিরতা এখনও অপরিবর্তিত রয়েছে।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে এই বিমানবন্দরে ধারাবাহিকভাবে ফ্লাইট বাতিল হচ্ছে। সর্বশেষ হিসাব অনুযায়ী, আজকের ৮টি ফ্লাইটসহ মোট ১৪৫টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।
