বিটিডব্লিউএ অ্যাওয়ার্ড ২০২৫: ভ্রমণভিত্তিক ডিজিটাল কনটেন্ট ও স্টোরিটেলিংয়ে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘সেরা ট্রাভেল কন্টেন্ট ক্রিয়েটর ২০২৫’ সম্মাননা পেয়েছেন সাংবাদিক ও ডিজিটাল মিডিয়া ব্যক্তিত্ব আবু মোহাম্মদ সালাহ উদ্দিন (সালাহউদ্দিন সুমন)। রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ ভ্রমণ লেখক অ্যাসোসিয়েশন (বিটিডব্লিউএ) তার হাতে এই সম্মাননা তুলে দেয়।
বিটিডব্লিউএ জানায়, ভ্রমণ সাংবাদিকতা, ডিজিটাল গল্প বলা এবং পর্যটনভিত্তিক কনটেন্ট নির্মাণে অভিনব অবদানের জন্য তাকে এ পুরস্কারে ভূষিত করা হয়েছে। সাবেক বিবিসি সাংবাদিক ও ‘বেঙ্গল ভিসতার’-এর প্রতিষ্ঠাতা সালাহউদ্দিন সুমনের ফেসবুক ও ইউটিউব মিলিয়ে ৭০ লাখের বেশি অনুসারী রয়েছে।
পুরস্কার গ্রহণের পর প্রতিক্রিয়ায় সালাহউদ্দিন সুমন বলেন, “এমন একটি প্ল্যাটফর্ম থেকে সম্মাননা পাওয়া আমার জন্য অত্যন্ত গৌরবের। এখানে উপস্থিত অভিজ্ঞ ভ্রমণ অনুরাগীদের অসাধারণ গল্পের সামনে নিজেকে খুব ছোট মনে হচ্ছে। খ ম হারুন, শাকূর মজিদ, আহসান হাবীব এবং জিয়া হকের মতো বরেণ্য ব্যক্তিত্বদের সঙ্গে এই সম্মাননা ভাগ করে নিতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি।”
যুক্তরাষ্ট্র থেকে পাঠানো ভিডিও বার্তায় বিটিডব্লিউএর সভাপতি আশরাফুজ্জামান উজ্জ্বল বলেন, “গুণী মানুষদের মৃত্যুর পর স্বীকৃতি দেওয়ার প্রবণতা রয়েছে। কিন্তু আমরা বিশ্বাস করি, মানুষের কাজের মূল্যায়ন তার জীবদ্দশাতেই হওয়া উচিত।”
অনুষ্ঠানে আরও বিভিন্ন বিভাগে সম্মাননা দেওয়া হয়। ভ্রমণ সাহিত্যে সম্মাননা পান মাহফুজুর রহমান, অ্যাডভেঞ্চার ভ্রমণে মুনতাসির মামুন, আলোকচিত্রে মোস্তাফিজ মামুন, সৃজনশীল শিল্প নির্দেশনায় আনিসুজ্জামান সোহেল এবং সেরা ভ্রমণবিষয়ক পত্রিকা হিসেবে স্বীকৃতি পায় ভ্রমণ গদ্য।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহসান হাবীব, এএইচএম সফিকুজ্জামান, কে.এম হারুন এবং মহিউদ্দিন হেলাল।
বাংলাদেশের পর্যটন খাতে সৃজনশীলতা ও মানসম্পন্ন কনটেন্ট নির্মাণকে উৎসাহিত করতে প্রতি দুই বছর অন্তর এই সম্মাননা প্রদান করা হবে বলে জানিয়েছে
