দেশের জনপ্রিয় ও শীর্ষস্থানীয় অনলাইন সংবাদমাধ্যম ঢাকা পোস্টের ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব পেয়েছেন মো. কামরুল ইসলাম।
শনিবার (২ আগস্ট) বিজয় বাংলা মিডিয়া লিমিটেডের এক অফিস আদেশে তাঁকে এই দায়িত্ব প্রদান করা হয়।
নতুন দায়িত্ব গ্রহণের পর কামরুল ইসলামকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান প্রতিষ্ঠানটির কর্মীরা। এ সময় ভারপ্রাপ্ত সম্পাদক পেশাগত কাজে একে-অপরকে সহযোগিতা করা এবং সবার সম্মিলিত প্রচেষ্টায় ঢাকা পোস্টকে নতুন উচ্চতায় নিয়ে যেতে নতুন উদ্যমে কাজ করতে প্রতিষ্ঠানের কর্মীদের প্রতি আহ্বান জানান।
মো. কামরুল ইসলাম একজন দক্ষ ও অভিজ্ঞ জনসংযোগ বিশেষজ্ঞ, যিনি প্রায় ৩ দশক ধরে কৌশলগত যোগাযোগ, মিডিয়া ব্যবস্থাপনা ও ব্র্যান্ডিংয়ের বিভিন্ন ক্ষেত্রে কাজ করে আসছেন। বর্তমানে তিনি ইউএস-বাংলা এয়ারলাইন্সে জেনারেল ম্যানেজার (পাবলিক রিলেশনস) হিসেবে দায়িত্ব পালন করছেন।
এর আগে তিনি ইউনাইটেড এয়ারওয়েজে ডেপুটি জেনারেল ম্যানেজার (পিআর ও মার্কেটিং সাপোর্ট) এবং জিএমজি এয়ারলাইন্সের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। মিডিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়ন, সংকটকালীন যোগাযোগ পরিচালনা এবং সোশ্যাল মিডিয়া কৌশল নির্ধারণে তার অভিজ্ঞতা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ইতিবাচক ভাবমূর্তি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
কামরুল ইসলাম শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। তাঁর লেখালেখির দক্ষতাও প্রশংসনীয়। বিমান ও পর্যটন খাতভিত্তিক তার একটি বই ‘Blackbox’ ইতোমধ্যে প্রকাশিত হয়েছে। দেশের শীর্ষস্থানীয় দৈনিক ও অনলাইন পোর্টালগুলোতে নিয়মিতভাবে তার কলাম প্রকাশিত হয়।
তিনি একজন জনপ্রিয় পাবলিক স্পিকার হিসেবেও পরিচিত, যিনি বিভিন্ন টিভি টকশো এবং যোগাযোগবিষয়ক সেমিনারে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
অসামান্য কর্মদক্ষতার স্বীকৃতি হিসেবে তিনি ‘অ্যাভিয়েশন পার্সোনালিটি অব দ্যা ইয়ার-২০২৪’সহ একাধিক আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছেন। কামরুল ইসলাম একজন দক্ষ সংগঠক, যিনি দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশি অ্যাভিয়েশন ব্র্যান্ডিংয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।
কামরুল ইসলাম জাতীয় প্রেস ক্লাবের সদস্য। তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (শাকসু) জিএস ছিলেন (১৯৯৪-৯৫), ছিলেন সাস্ট ক্লাব লিমিটেডের (২০১৯-২১) সাবেক প্রেসিডেন্ট।
