সাংবাদিকদের জন্য ‘সিভিল এভিয়েশন অ্যান্ড এয়ার ট্রাফিক অপারেশন’ কর্মশালা অনুষ্ঠিত

লেখক: রাইসুল ইসলাম
প্রকাশ: ১৫ ঘন্টা আগে

দেশের এভিয়েশন খাত সম্পর্কে গণমাধ্যমকর্মীদের কারিগরি ও বাস্তবভিত্তিক জ্ঞান বাড়াতে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) ‘Civil Aviation & Air Traffic Operation’ শীর্ষক একটি কর্মশালার আয়োজন করেছে। সোমবার রাজধানীর কুর্মিটোলায় বেবিচক সদর দপ্তরের অডিটোরিয়ামে জনসংযোগ বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত এ কর্মশালায় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক। তিনি বলেন, বেসামরিক বিমান চলাচল একটি বিশেষায়িত ও জনস্বার্থসংশ্লিষ্ট খাত। তাই এভিয়েশন বিষয়ক সংবাদ পরিবেশনে নির্ভুল তথ্য, কারিগরি জ্ঞান এবং দায়িত্বশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি জানান, সাংবাদিকদের বাস্তবভিত্তিক ধারণা দিতে এবং তথ্যসমৃদ্ধ সংবাদ পরিবেশনে সহায়তা করাই এই কর্মশালার মূল উদ্দেশ্য।

কর্মশালায় বেবিচকের সদস্য (অপারেশনস অ্যান্ড প্ল্যানিং) এয়ার কমোডোর আবু সাঈদ মেহবুব খান বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের দায়িত্ব ও কার্যক্রম, বিমানবন্দর পরিচালনা, এয়ারসাইড ও ল্যান্ডসাইড অপারেশন, যাত্রীসেবা, নিরাপত্তা ব্যবস্থা এবং আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা (ICAO)-এর মানদণ্ড ও সুপারিশকৃত কার্যপদ্ধতি (SARPs) অনুসরণের গুরুত্ব তুলে ধরেন।

সদস্য (প্রশাসন) মোহাম্মদ লাবলুর রহমান হজযাত্রীদের নির্বিঘ্ন সেবা নিশ্চিত করতে বিমানবন্দরে গৃহীত বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন। তিনি জানান, এমবারকেশন ফি, যাত্রী নিরাপত্তা ফি ও এয়ারপোর্ট ডেভেলপমেন্ট ফি মওকুফ, জমজমের পানি বিতরণ, পৃথক নামাজের স্থান, বিশুদ্ধ পানীয় জল, উন্নত ওয়াশরুম, হ্যান্ড স্যানিটাইজার, ট্রলি, চেয়ার, কিউ বেল্ট, মশকনিধন এবং অবকাঠামোগত উন্নয়নসহ নানা পদক্ষেপ বাস্তবায়ন করা হয়েছে।

এছাড়া সদস্য (এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট) এয়ার কমোডোর মো. নূর-ই-আলম এয়ার ট্রাফিক কন্ট্রোল (ATC), এয়ার ট্রাফিক ফ্লো ম্যানেজমেন্ট (ATFM), রেডিও ও ন্যাভিগেশন এইডস, ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম (ILS), অ্যারোনটিক্যাল লাইটস, অবস্ট্যাকল লিমিটেশন সারফেস (OLS), এয়ারফিল্ড পরিচালনা এবং জরুরি পরিস্থিতি মোকাবিলাসহ এয়ার ট্রাফিক অপারেশনের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত উপস্থাপনা করেন।

অনুষ্ঠানে সাংবাদিকরা বিমানবন্দর পরিচালনা, বিমান নিরাপত্তা, যাত্রীসেবা, আন্তর্জাতিক মানদণ্ড এবং এভিয়েশন খাতের বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে প্রশ্ন করেন। বেবিচকের চেয়ারম্যান ও সংশ্লিষ্ট সদস্যরা এসব প্রশ্নের উত্তর দেন এবং খাতের বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন।

কর্মশালা শেষে অংশগ্রহণকারী সাংবাদিকদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। এ সময় বেবিচকের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

  • এভিয়েশন খাত
  • বেবিচক
  • বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ
  • সর্বশেষ