বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত

লেখক: শাহানুর রহমান মুকুট
প্রকাশ: ১ ঘন্টা আগে

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন জামালপুর-১ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাত। এর আগে তিনি একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। শুক্রবার (২১ আগস্ট) মন্ত্রিসভায় রদবদলের অংশ হিসেবে প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী পদে উন্নীত হন তিনি।

শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথের পর নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ অনুষ্ঠিত হয়। নতুন মন্ত্রীদের শপথ পড়ান নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি নতুন সরকার গঠনের সময় এম রশিদুজ্জামান মিল্লাত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন। ঐ দিনই তাঁর দপ্তর বণ্টন করা হয়।

দায়িত্ব নেওয়ার পর গত ছয় মাসে বিমান ও পর্যটন খাতের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সক্রিয় ছিলেন মিল্লাত। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল, বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডলিং, হজযাত্রী পরিবহন, টিকিটের মূল্য, পর্যটন সম্প্রসারণ এবং আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে বিভিন্ন বৈঠক ও কার্যক্রমে তিনি অংশ নেন। সম্প্রতি বাংলাদেশ ও এয়ারএশিয়ার মধ্যে কম খরচের বিমান চলাচল, বিমানবন্দর ব্যবস্থাপনা, ডিজিটালাইজেশন ও উড়োজাহাজ রক্ষণাবেক্ষণসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে।

এর আগে ১৩ আগস্ট মিল্লাত জানিয়েছিলেন, সরকার ‘জাতীয় পর্যটন নীতি ২০২৬’ প্রণয়নের কাজ করছে। পর্যটনকে অর্থনীতির অন্যতম চালিকাশক্তিতে পরিণত করার পাশাপাশি নতুন পর্যটন গন্তব্য তৈরি ও খাতটির সম্ভাবনা কাজে লাগানোর ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।

  • travel based first digital media
  • এম রশিদুজ্জামান মিল্লাত
  • নতুন মন্ত্রী
  • বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা
  • ভ্রমণ বিষয়ক প্রথম ডিজিটাল মিডিয়া