আইকাও স্বীকৃত প্রশিক্ষণ কোর্সের সনদ পেলেন বেবিচকের ২৪ কর্মকর্তা
লেখক:
শাহানুর রহমান মুকুট প্রকাশ: ১৬ ঘন্টা আগে
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) উদ্যোগে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা (আইকাও) প্রণীত ‘ট্রেনিং ইনস্ট্রাক্টরস কোর্স (টিআইসি)’-এর সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) বেবিচকের সদর দপ্তরের অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে প্রশিক্ষণ কার্যক্রমে নিয়োজিত ২৪ জন কর্মকর্তা সফলভাবে কোর্স সম্পন্ন করে সনদ গ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক। বিশেষ অতিথি ছিলেন বেবিচকের সদস্য (অপারেশনস অ্যান্ড প্ল্যানিং) এয়ার কমোডর আবু সাঈদ মেহবুব খান।
অনুষ্ঠানে সিভিল এভিয়েশন একাডেমির পরিচালক প্রশান্ত কুমার চক্রবর্তী ‘এভিয়েশন প্রশিক্ষণের সার্বিক চিত্র’ শীর্ষক উপস্থাপনায় আইকাও-এর গ্লোবাল এভিয়েশন ট্রেনিং, ট্রেইনএয়ার প্লাস প্রোগ্রাম, প্রশিক্ষণের গুণগত মান নিশ্চিতকরণ এবং ভবিষ্যৎ প্রশিক্ষণ পরিকল্পনা তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক বলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনা ও কক্সবাজার বিমানবন্দরের উন্নয়নসহ বিভিন্ন বৃহৎ প্রকল্প বাস্তবায়নে দক্ষ ও আন্তর্জাতিক মানসম্পন্ন এভিয়েশন পেশাজীবীর প্রয়োজনীয়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, সিভিল এভিয়েশন একাডেমি দক্ষ মানবসম্পদ উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করছে এবং উৎকর্ষ কেন্দ্র হিসেবে কাজ করছে।
তিনি আরও জানান, সিভিল এভিয়েশন একাডেমি বর্তমানে ‘বিমান চলাচল বিধিমালা’ এবং ‘এয়ার ট্রাফিক কন্ট্রোল কর্মকর্তাদের জন্য বিমানবন্দর পরিচালনা’ নামে দুটি আন্তর্জাতিক মানসম্পন্ন প্রশিক্ষণ কোর্স উন্নয়নের কাজ করছে।
বিশেষ অতিথি এয়ার কমোডর আবু সাঈদ মেহবুব খান বলেন, বিমান চলাচল ব্যবস্থাপনা, বিমান নিরাপত্তা, বিমানবন্দর পরিচালনা এবং উদ্ধার ও অগ্নিনির্বাপণ কার্যক্রমের মতো গুরুত্বপূর্ণ খাতে প্রশিক্ষণ চাহিদা মূল্যায়নের ভিত্তিতে প্রশিক্ষণ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সিমুলেশন, মাঠপর্যায়ের অনুশীলন এবং দক্ষতা মূল্যায়নের সমন্বয়ে নতুন প্রজন্মের প্রশিক্ষণ কার্যক্রম নিরাপত্তা ও দক্ষতা আরও বাড়াবে।
সিভিল এভিয়েশন একাডেমির পরিচালক প্রশান্ত কুমার চক্রবর্তী বলেন, প্রশিক্ষণপ্রাপ্ত ২৪ কর্মকর্তা এখন আন্তর্জাতিক মানের প্রশিক্ষক হিসেবে সক্ষমতা-ভিত্তিক প্রশিক্ষণ পরিচালনায় সক্ষম। তিনি জানান, সক্ষমতা-ভিত্তিক প্রশিক্ষণ মূল্যায়ন, লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম, সিমুলেশন এবং ডিজিটাল কনটেন্টের মাধ্যমে একাডেমিকে আঞ্চলিক উৎকর্ষ কেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে বেবিচকের সদস্য, পরিচালক, উপপরিচালক, সহকারী পরিচালকসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।