আন্তর্জাতিক মানে বিমান নিরাপত্তা ব্যবস্থা গড়তে আইকাওর অডিটকে গুরুত্ব দিচ্ছে বেবিচক

লেখক: শাহানুর রহমান মুকুট
প্রকাশ: ১৯ ঘন্টা আগে

বাংলাদেশের বিমান নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনায় আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইসিএও) নিরাপত্তা অডিট শুরু হয়েছে। আইসিএওর ইউনিভার্সাল সিকিউরিটি অডিট প্রোগ্রাম—কন্টিনিউয়াস মনিটরিং অ্যাপ্রোচের (ইউএসএপি-সিএমএ) আওতায় ২৬ অক্টোবর থেকে শুরু হওয়া এ নিরীক্ষা চলবে আগামী ৬ নভেম্বর পর্যন্ত।

নিরীক্ষা উপলক্ষে সোমবার (২৬ অক্টোবর) সকালে রাজধানীর কুর্মিটোলায় বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদর দপ্তরে জাতীয় ব্রিফিং অনুষ্ঠিত হয়। সকাল ৯টা ১৫ মিনিটে বেবিচক চেয়ারম্যানের সম্মেলনকক্ষে আয়োজিত এ ব্রিফিংয়ে সভাপতিত্ব করেন সংস্থাটির সদস্য (নিরাপত্তা) এয়ার কমডোর মো. আসিফ ইকবাল।

ব্রিফিংয়ে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল খাতে নিরাপত্তা তদারকির কাঠামো ও কার্যক্রম তুলে ধরা হয়। এ সময় বাংলাদেশের জাতীয় সমন্বয়ক মোহাম্মদ আলমগীর দেশের বিমান নিরাপত্তা তদারকি ব্যবস্থা সম্পর্কে আইসিএওর নিরীক্ষক দলকে অবহিত করেন। পরে নিরীক্ষক দলের দলনেতা কলাম ভাইন জাতীয় ব্রিফিং দেন।

অনুষ্ঠানে আইসিএওর নিরীক্ষক দলের সদস্যদের পাশাপাশি বাংলাদেশের বিমান নিরাপত্তা কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সমাপনী বক্তব্যে এয়ার কমডোর মো. আসিফ ইকবাল নিরীক্ষা কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সব সংস্থা ও প্রতিষ্ঠানের পূর্ণ সহযোগিতা কামনা করেন। তিনি নির্ভুল তথ্য ও প্রয়োজনীয় নথিপত্র নির্ধারিত সময়ে সরবরাহ, সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সাক্ষাৎকার ও পর্যবেক্ষণের জন্য প্রস্তুত রাখা এবং নির্ধারিত বিমানবন্দর ও স্থাপনাগুলোতে নিরীক্ষক দলের প্রবেশাধিকার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি জাতীয় সমন্বয়কের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ ও সমন্বয় বজায় রাখার আহ্বান জানান তিনি।

জাতীয় ব্রিফিং শেষে আইসিএওর নিরীক্ষক দলের সদস্যরা বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিকের সঙ্গে সাক্ষাৎ করেন।

এ সময় বেবিচক চেয়ারম্যান বলেন, আইকাও-এর নিরাপত্তা অডিট কেবল মূল্যায়ন কার্যক্রম নয়; আন্তর্জাতিক মানদণ্ডের আলোকে বাংলাদেশের জাতীয় বিমান নিরাপত্তা তদারকি ব্যবস্থা পর্যালোচনা, অর্জন চিহ্নিত করা এবং উন্নয়নের ক্ষেত্র নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ। নিরীক্ষায় পাওয়া পর্যবেক্ষণ ও সুপারিশ দেশের বিমান নিরাপত্তা ব্যবস্থাকে আরও কার্যকর ও শক্তিশালী করতে সহায়ক হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, নিরীক্ষায় পাওয়া পর্যবেক্ষণ ও অনুসন্ধানের ভিত্তিতে প্রয়োজনীয় সংশোধনমূলক কর্মপরিকল্পনা প্রণয়ন এবং নির্ধারিত সময়ের মধ্যে তা কার্যকরভাবে বাস্তবায়নে বেবিচক প্রতিশ্রুতিবদ্ধ।

বেবিচক সূত্রে জানা যায়, ২৬ অক্টোবর থেকে ৬ নভেম্বর পর্যন্ত চলা এ নিরীক্ষার মাধ্যমে বাংলাদেশের বিমান নিরাপত্তা তদারকি ব্যবস্থার বিভিন্ন দিক পর্যালোচনা করা হবে। এ কার্যক্রমে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয় জোরদার এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী দেশের বিমান নিরাপত্তা ব্যবস্থার ধারাবাহিক উন্নয়নের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

  • travel based first digital media
  • অডিট
  • আইকাও
  • নিরাপত্তা
  • বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ
  • ভ্রমণ বিষয়ক প্রথম ডিজিটাল মিডিয়া