তুরস্ক সরকারের অর্থায়নে পরিচালিত আন্তর্জাতিক বৃত্তি তুর্কিয়ে বুরস্লারি এর আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। ২০২৬–২০২৭ শিক্ষাবর্ষের জন্য আন্ডারগ্র্যাজুয়েট, মাস্টার্স ও পিএইচডি পর্যায়ে বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।
তুরস্কের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এক হাজারের বেশি প্রোগ্রামে পড়ার সুযোগ দেয় এ বৃত্তি। এর আওতায় বায়োটেকনোলজি, কম্পিউটার ও বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিংসহ বিভিন্ন প্রকৌশল বিষয়, বায়োকেমিস্ট্রি, জীববিদ্যা, পদার্থবিদ্যা, খাদ্য প্রকৌশল, গণিত, মেডিসিনসহ স্বাস্থ্যবিজ্ঞান খাতে পড়াশোনার সুযোগ রয়েছে।
এই বৃত্তির আওতায় শিক্ষার্থীদের টিউশন ফি সম্পূর্ণ মওকুফ করা হয়। পাশাপাশি মাসিক উপবৃত্তি, স্বাস্থ্যবিমা, আবাসন সুবিধা, যাতায়াতের বিমান টিকিট এবং এক বছরের তুর্কি ভাষা শেখার কোর্সের ব্যয় বহন করে তুরস্ক সরকার।
মাসিক উপবৃত্তি
আন্ডারগ্র্যাজুয়েট: ৮০০ তুর্কি লিরা
মাস্টার্স: ১ হাজার ১০০ তুর্কি লিরা
পিএইচডি: ১ হাজার ৬০০ তুর্কি লিরা
গবেষণা: ৩ হাজার তুর্কি লিরা
যোগ্যতা ও বয়সসীমা আন্ডারগ্র্যাজুয়েট পর্যায়ে ন্যূনতম ৭০ শতাংশ, মাস্টার্স ও পিএইচডিতে ৭৫ শতাংশ এবং স্বাস্থ্যবিজ্ঞান বিষয়ে কমপক্ষে ৯০ শতাংশ নম্বর থাকতে হবে। বয়সসীমা— আন্ডারগ্র্যাজুয়েটের জন্য ২১ বছরের কম, মাস্টার্সে ৩০ বছরের কম, ডক্টরেটে ৩৫ বছরের কম এবং গবেষণায় ৪৫ বছরের কম।
তুর্কি নাগরিক বা যাঁরা তুর্কি নাগরিকত্ব হারিয়েছেন, তাঁরা আবেদন করতে পারবেন না। একই সঙ্গে বর্তমানে তুরস্কের কোনো বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরাও এই বৃত্তির জন্য অযোগ্য বিবেচিত হবেন।
আবেদন প্রক্রিয়া আবেদন করতে হবে অনলাইনে পাঁচটি ধাপে। প্রথমে ব্যক্তিগত অ্যাকাউন্ট খুলে পছন্দের বিশ্ববিদ্যালয় ও প্রোগ্রাম নির্বাচন করতে হবে। শক্তিশালী স্টেটমেন্ট অব পারপাস (SOP): একটি শক্তিশালী এসওপি (SOP) বৃত্তি পাওয়ার সম্ভাবনাকে অনেক গুণ বাড়িয়ে দেয়।
শারীরিক যোগ্যতা: তুরস্কের সরকারি বৃত্তির জন্য সুস্বাস্থ্যের অধিকারী হওয়া গুরুত্বপূর্ণ। তাই সেভাবেই প্রস্তুতি নিন।এরপর প্রয়োজনীয় কাগজপত্র যাচাই ও আপলোড করে সহশিক্ষা কার্যক্রমের অর্জন উল্লেখ করতে হবে। সবশেষে নিজের লক্ষ্য, প্রত্যাশা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে একটি মোটিভেশন লেটার জমা দিতে হবে।
প্রয়োজনীয় কাগজপত্র বৈধ পাসপোর্ট, সাম্প্রতিক ছবি, একাডেমিক সার্টিফিকেট ও ট্রান্সক্রিপ্ট, প্রয়োজনে আন্তর্জাতিক ভাষা পরীক্ষার ফলাফল (TOEFL, DELF ইত্যাদি) এবং নির্দিষ্ট ক্ষেত্রে GRE, GMAT বা SAT–এর স্কোর জমা দিতে হবে। পিএইচডি প্রার্থীদের গবেষণা প্রস্তাব ও পূর্ববর্তী গবেষণার প্রমাণও লাগবে।
বৃত্তির জন্য আবেদন করার শেষ তারিখ ২০ ফেব্রুয়ারি ২০২৬। আবেদন ও বিস্তারিত তথ্য পাওয়া যাবে তুর্কিয়ে বুরস্লারির ওয়েবসাইটে: https://turkiyeburslari.gov.tr/announcements/turkiye-scholarships-2026-applications-121
