প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির শেষ বিদায়ের আনুষ্ঠানিকতার কারণে সোমবার (৬ জুলাই) তেহরানের আকাশসীমা পুরোপুরি বন্ধ রেখেছে ইরান। বিষয়টি নিশ্চিত করেছে ইরানের বার্তা সংস্থা আইএসএনএ।
রোববার (৫ জুলাই) সারা দেশে স্বাভাবিকভাবেই বিমান চলাচল অব্যাহত ছিল। তবে সোমবার রাজধানী তেহরানে প্রধান জানাজা ও শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হওয়ায় ওই সময় শহরের আকাশসীমা সম্পূর্ণ বন্ধ রাখা হবে।
ইরানের বেসামরিক বিমান চলাচল সংস্থার ঘোষণা অনুযায়ী, সোমবার রাজধানীতে শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা চলার সময় তেহরানের মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিয়মিত ফ্লাইট পরিচালনা সাময়িকভাবে বন্ধ রাখা হবে।
মঙ্গলবার (৭ জুলাই) থেকে মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাভাবিক ফ্লাইট পরিচালনা পুনরায় শুরু হবে। তবে ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দর পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।
এছাড়া বৃহস্পতিবার (৯ জুলাই) চূড়ান্ত দাফন অনুষ্ঠান উপলক্ষে উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাশহাদের আকাশসীমা বন্ধ থাকবে। একই সঙ্গে শহীদ হাশেমিনেজাদ আন্তর্জাতিক বিমানবন্দরের সব ধরনের কার্যক্রমও সাময়িকভাবে স্থগিত রাখা হবে।
৭ ও ৮ জুলাই দেশের বাকি অংশে বিমান চলাচল স্বাভাবিক থাকবে। তবে শেষ দিনের দাফন অনুষ্ঠান চলাকালে মাশহাদে এ বিধিনিষেধ কার্যকর করা হবে।
প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন বলে দাবি করা হয়। এর পর কয়েক সপ্তাহ ধরে সংঘাত চলতে থাকে এবং পুরো অঞ্চলে উত্তেজনা তীব্র আকার ধারণ করে।
