বিমানের বিজি ৩৩৮ ফ্লাইটে জমজমের পানি সরবরাহে বিলম্বে তাৎক্ষণিক পদক্ষেপ

লেখক: রাইসুল ইসলাম
প্রকাশ: ৫ ঘন্টা আগে

পবিত্র ওমরাহ পালন শেষে মদিনা থেকে ঢাকায় আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৩৩৮ ফ্লাইটের যাত্রীদের জমজমের পানি সরবরাহে সাময়িক বিলম্বের ঘটনায় তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ। একই সঙ্গে দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৯টা ১০ মিনিটে মদিনা থেকে ফ্লাইটটি ঢাকায় পৌঁছানোর পর যাত্রীদের জমজমের পানি সরবরাহে বিলম্ব হয়। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, কন্টেইনার অফলোডিং ও পরিচালনাগত গাফিলতির কারণে নির্ধারিত সময়ে ব্যাগেজ বেল্টে জমজমের পানি পৌঁছানো সম্ভব হয়নি।

ঘটনাটি নজরে আসার পর যাত্রীদের সাময়িক দুর্ভোগ কমাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ নিজস্ব সংরক্ষিত স্টক থেকে দ্রুত জমজমের পানি সরবরাহের ব্যবস্থা করে। পরে অপর কন্টেইনারটি শনাক্ত করে সেখান থেকেও জমজমের পানি সরবরাহ নিশ্চিত করা হয়।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে, সেবার মান ও দায়িত্বশীলতা নিশ্চিত করতে দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট ব্যাগেজ ইনচার্জ মনিরুল ইসলাম প্রধান এবং ফ্লাইট সুপারভাইজার সাদ্দাম হোসেনের বিরুদ্ধে প্রয়োজনীয় বিভাগীয় ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

কর্তৃপক্ষ আরও জানিয়েছে, ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার পুনরাবৃত্তি রোধে অভ্যন্তরীণ তদারকি ও নজরদারি জোরদার করা হয়েছে। সম্মানিত যাত্রীদের নিরবচ্ছিন্ন ও সর্বোচ্চ মানের সেবা নিশ্চিত করতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানানো হয়েছে।

  • উমরাহ্
  • বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
  • সর্বশেষ