লাগেজের চেইন ও তালা ভাঙ্গা নিয়ে যে ব্যাখ্যা দিলো বিমান

লেখক: রাইসুল ইসলাম
প্রকাশ: ১ মাস আগে

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ভাইরাল হওয়া কাঠমান্ডু থেকে ঢাকাগামী একটি ফ্লাইটের যাত্রীর লাগেজ কাটা সংক্রান্ত ভিডিও নিয়ে নিজেদের অবস্থান ব্যাখ্যা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দেওয়া তথ্যমতে, কাঠমান্ডু-ঢাকা রুটের BG374 ফ্লাইটটি গত ৪ মার্চ ২০২৬ রাত ৯টা ৫৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে এবং Bay-19 এ অবস্থান নেয়। বিমানবন্দর কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত এরাইভেল ব্যাগেজ বেল্টে ওই ফ্লাইটের প্রথম লাগেজ রাত ১০টা ৩০ মিনিটে এবং সর্বশেষ লাগেজ রাত ১১টা ২০ মিনিটে পৌঁছে।

ফ্লাইটটি Boeing 737 হওয়ায় এতে Bulk লোডিং পদ্ধতিতে লাগেজ পরিবহন করা হয়। ব্যাগেজ ডেলিভারি শেষ হওয়ার পর কয়েকজন যাত্রী তাদের কিছু লাগেজের তালা ও চেইন ভাঙা দেখতে পান। এতে তারা উত্তেজিত হয়ে উচ্চস্বরে প্রতিবাদ করেন এবং ঘটনাটি ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের হ্যান্ডলিংয়ে নিয়োজিত কর্মীরা যাত্রীদের আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের অনুরোধ করেন এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।

বিমান কর্তৃপক্ষ জানায়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যাগেজ ডেলিভারি কার্যক্রমে নিয়োজিত সকল কর্মকর্তা-কর্মচারীর সঙ্গে Body Worn Camera সংযুক্ত থাকে। পাশাপাশি পুরো ব্যাগেজ এলাকা CCTV ক্যামেরার আওতায় থাকায় সেখানে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটানো কঠিন এবং ঘটলেও তা দ্রুত শনাক্ত করা সম্ভব।

তাদের দাবি, সংশ্লিষ্ট যাত্রীরা এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেননি এবং কোনো মালামাল হারানোর বিষয়ে লিখিত অভিযোগও দেননি। বিমান কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, Body Worn Camera–এর ফুটেজ পর্যালোচনায় দেখা যায় যে ঘটনাটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঘটেনি; বরং কাঠমান্ডু থেকে ব্যাগেজ ভাঙা অবস্থাতেই ঢাকায় পৌঁছায়।

তবে বিষয়টি নিয়ে আরও তদন্ত চলমান রয়েছে বলে জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

  • এয়ারলাইন্স
  • বিমান
  • বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
  • সর্বশেষ